রংপুর নগরের বুড়িরহাট
হাটে গরু আছে, ক্রেতা কম
গত বছর ঈদের ১০-১২ দিন আগে এ হাটেই ৪৫০–৫০০ গরু বিক্রি হয়েছিল। সেখানে এবার ১০০ গরু বিক্রি হয়েছে।
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। রংপুরের হাটে এবার প্রচুর গরুর আমদানি হলেও ক্রেতা কম। গরু বিক্রি না হওয়ায় খামারিরা হাট থেকে গরু ফেরত নিয়ে যাচ্ছেন।
গত সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর নগরের বুড়িরহাটে গিয়ে দেখা গেছে, হাটে প্রচুর গরু উঠেছে। বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে গরু। কয়েকজন ক্রেতাকে দেখা গেল, ঘুরে ঘুরে গরু দেখছেন আর দরদাম করছেন। কিন্তু তাঁরা কিনতে নয়, দাম যাচাই করতে এসেছেন।
হাটের লোকজন বলেন, সপ্তাহে দুই দিন (সোম ও বৃহস্পতি) এ হাট বসে। গরুর সঙ্গে আসা খামারিরা মজুরির ভিত্তিতে দালাল কিংবা একশ্রেণির ভাড়া করা লোক নিয়োজিত করেন। গরুর দরদাম হলে খামারি ও ক্রেতার কথা হয়। কিন্তু এবার হাটে ক্রেতা কম।
নগরের কেরানীপাড়া এলাকার বাসিন্দা মোস্তফা আহমেদ বলেন, ‘মানুষের আয়রোজগার কমে গেছে, তাই ঈদের পশু কেনা নিয়ে চিন্তা কম। কয়েকজন মিলে একটি গরু কোরবানি দিতে হবে বলে হাটে গরুর বাজারদর যাচাই করতে এসেছি।’
খামারিরা জানান, গত বছরের চেয়ে এ বছর পশুখাদ্যের দাম বেড়েছে। প্রতিটি গরুর পেছনে খাবার বাবদ প্রতিদিন কমপক্ষে ৪০০–৫০০ টাকা খরচ হচ্ছে। তাঁদের গরু লালনপালনের খরচও বেড়ে গেছে। এ অবস্থায় দাম পাওয়া নিয়ে তাঁরা শঙ্কায় রয়েছেন। ঋণ নিয়ে তাঁরা যে পশুপালন করছেন, সে খরচ উঠবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
গরু বিক্রি করতে আসা খামারি নজরুল ইসলাম বলেন, হাটে দেশি জাতের আটটি গরু নিয়ে এসেছেন। এখন পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। উপরন্তু হাটে গরু তুলতে গিয়ে অনেক টাকাও খরচ হয়ে গেছে। ক্রেতা খুব কম। মনেই হচ্ছে না যে কোরবানির হাট। বুড়িরহাটের ইজারাদার নূর শাহাদত বলেন, গত বছর ঈদের ১০-১২ দিন আগে এ হাটেই ৪৫০–৫০০ গরু বিক্রি হয়েছিল। সেখানে এবার ১০০ গরু বিক্রি হয়েছে। কিন্তু গরুর আমদানি অনেক বেশি। শেষমেশ যে কী হবে, তা বলা যাচ্ছে না।
রংপুর প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, জেলার ২৫ হাজার ৭১ জন খামারির কাছে কোরবানির উপযোগী ৩ লাখ ৫৩ হাজার ৬১০টি পশু রয়েছে। জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৭০টি পশুর।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেয়াজুল ইসলাম বলেন, পশুখাদ্যের দাম বেশি হওয়ায় ও ব্যবসার কারণে খামারিদের লাভ কমে যাবে।