হাটের ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক হাটের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী এক বছরের জন্য উপজেলার ১০টি হাটের ইজারার দরপত্র আহ্বান করা হয়েছিল। আজ ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল ১০টা থেকেই উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির সমর্থকেরা পৃথকভাবে লাঠি, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মহড়া দিতে শুরু করেন।

বেলা ১১টার দিকে সোহাগ রনির সমর্থকেরা দরপত্র নিয়ে ইউএনওর কার্যালয়ে ঢুকতে গেলে রফিকুল ইসলামের সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়ার নেতৃত্বে যুবলীগের ১০-১৫ জন কর্মী দরপত্র জমা দিতে বাধা দেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরের ভেতরে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
ছবি: প্রথম আলো

এতে সোহাগ রনির পক্ষে ছাত্রলীগ কর্মী শেখ মেহেদী হাসান, সজল মিয়া, মিরাজ হোসেন, আবদুল আলী, বাবু মিয়া, জাবেদ মিয়া, পারভেজ হোসেনসহ ১২ জন আহত হন। আহতদের মধ্যে শেখ মেহেদী হাসান, সজল মিয়া ও জাবেদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে রফিকুল ইসলামের সমর্থক যুবলীগ কর্মী ফারুক প্রধান, রবিউল প্রধানসহ তিনজন আহত হন। ফারুক মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করা হয়েছে। ফারুক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোহাগ রনি অভিযোগ করে বলেন, যুবলীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে তাঁদের বাধা দিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। যুবলীগের হামলায় ছাত্রলীগের তিনজন নেতার অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন।

এদিকে রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের নামধারী মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসীরা উপজেলা পরিষদ চত্বরে অস্ত্রের মহড়া দিয়েছে। তাঁরাই যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও সন্ত্রাসী কার্যকলাপ করেছে।

জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ছাত্রলীগ ও যুবলীগের দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।