হাতকড়া পরা অবস্থায় পালানোর ৭ ঘণ্টা পর মাদক মামলার আসামি গ্রেপ্তার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার সাত ঘণ্টা পর মাদক মামলার আসামি জুয়েল হোসেনকে (২০) আবার গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটায় উপজেলার বটতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গিয়েছিলেন তিনি।
গ্রেপ্তার জুয়েল হোসেন ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার তমিজ উদ্দিনের ছেলে। পুলিশ বলছে, তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর নামে একাধিক মাদকের মামলা আছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী জুয়েল হোসেনকে আজ ভোরে বটতলী মাঠ থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জুয়েল হোসেনকে গ্রেপ্তারের সময় তিনি সামান্য আঘাত পেয়েছিলেন। পুলিশ গতকাল রাত সোয়া আটটায় জুয়েলকে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসা শেষে জুয়েলকে নিয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের পাশে আসে। এ সময় হঠাৎ দৌড়ে পালিয়ে যান জুয়েল। পরে পুলিশের একাধিক দল তাঁকে গ্রেপ্তারে অভিযান নামে। আজ ভোরে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।