হাতকড়া পরানোর ছবি তোলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার দুপুরে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআইয়ের হাতে মারধরের শিকার হন সাইফুল ইসলাম।
ছবি : প্রথম আলো

লুঙ্গি পরা এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। বিষয়টি দেখে পাশে থাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া সাইফুল ইসলাম (২৮) কৌতূহলবসত তাঁর মুঠোফোনে ছবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুলকে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে তেড়ে আসেন ওই দুজন। এরপর তাঁর হাত থেকে মুঠোফোনটি নিয়ে ছবিগুলো মুছে ফেলেন তাঁরা। এ সময় তাঁদের মধ্যে একজন সাইফুলকে এলোপাতাড়ি চড়-থাপ্পর মারতে থাকেন। এতে আহত হন সাইফুল।

রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর জানা যায়, ওই দুই ব্যক্তি হলেন পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজওয়ান হক ও এএসআই খাইরুল ইসলাম।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এএসআই রেজওয়ান হকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন সাইফুল। অভিযোগে তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন।

অভিযোগকারী সাইফুল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র। তিনি স্থানীয় হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গুজববিরোধী সমাজকর্মী হিসেবে পরিচিত।

সাইফুল বলেন, দুপুরে তিনি আমলাহার এলাকায় বাড়ির সামনের একটি দোকানে বসেছিলেন। এ সময় সাদা পোশাকে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুজন এএসআই এক ভ্যানচালককে চড়–থাপ্পড় দিয়ে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলে নেন। তবে ওই দুজন সাদা পোশাকে থাকায় চিনতে না পেরে কৌতূলবশত তাঁর মুঠোফোনে দুটি ছবি তোলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা দুজন তাঁকে গালাগাল শুরু করে এবং একজন তাঁকে এলোপাতাড়ি চড়–থাপ্পড়সহ মারধর করেন। এ সময় তাঁর মুঠোফোন নিয়ে ছবিটা ডিলিট করে দেন তাঁরা। তিনি অসুস্থ বলে জানালেও তাঁকে মারধর করা হয়। পরে সাইফুল জানতে পারেন, তাঁকে মারধর করা ওই ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই রেজওয়ান হক। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনকে ঘিরে ধরেন। পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার ব্যানার্জী সেখানে উপস্থিত হয়ে আহত সাইফুলকে লিখিত অভিযোগ করতে বলেন এবং বিচারের আশ্বাস দেন। এরপর সেখান থেকে লোকজন সরে যান।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘মাদকের সঙ্গে কেউ জড়িত হলে তাঁকে ধরে নিয়ে গেলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সাইফুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমাজকর্মী। তাঁকে এভাবে মারধর খুবই দুঃখজনক।’
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার ব্যানার্জী বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।’

অভিযুক্ত এএসআই রেজওয়ান হক বলেন, ‘আমাদের অভিযানের সময় হঠাৎ করেই ছবি তোলায় আমি ওই ব্যক্তিকে গালাগাল করেছি এবং তাঁর তোলা ছবি ডিলিট করতে বলেছি। এ সময় সাইফুল নিজেই ছবিগুলো ডিলিট করেছিলেন। আমি তাঁকে মারধর করিনি। এ ঘটনায় আমি তাঁর কাছে ক্ষমা চেয়েছি।’