হাতকড়াসহ পালিয়েছেন গরু চুরি মামলার আসামি
নেত্রকোনার মদন উপজেলায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন গরু চুরি মামলার আসামি পলাশ মিয়া (২০)। আজ সোমবার দুপুরে মদন পৌর শহরের মদন বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফিয়ে তিনি পালিয়ে যান।পালিয়ে যাওয়া আসামি পলাশ মিয়া কেন্দুয়ার কাউরাট গ্রামের রমিলন মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পলাশ মিয়া গতকাল রোববার বিকেলে মদনের কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে কৃষকের একটি গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। রাতে থানায় তাঁর বিরুদ্ধে একটি চুরির মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বেলা পৌনে একটার দিকে পুলিশ তাঁকে নিয়ে অটোরিকশায় করে নেত্রকোনা আদালতের উদ্দেশে রওনা হয়। থানা থেকে কিছুটা দূরে মদন বাজার এলাকায় পৌঁছালে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় পলাশ মিয়া কৌশলে অটোরিকশা থেকে লাফিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান। বিকেল সাড়ে চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাঁর হদিস পায়নি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আকবর আলী বলেন, পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি পলাশকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে যে পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়া আসামির সঙ্গে ছিলেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০১৭ সালের ৫ মে থেকে আজ পর্যন্ত নেত্রকোনায় পুলিশের কাছ থেকে হাতকড়া খুলে এবং হাতকড়াসহ অন্তত আটজন আসামির পালানোর ঘটনা ঘটে। অবশ্য এর আগে যাঁরা পালিয়েছিলেন, পরে বিভিন্ন সময়ে পুলিশের হাতে তাঁরা গ্রেপ্তার হন।