হাতি দিয়ে চাঁদা আদায়, ব্যবসায়ীরা অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন হাটবাজারে এক সপ্তাহ ধরে হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। ইকরচালী বাজার, তারাগঞ্জ, রংপুর, ২০ আগস্ট সন্ধ্যা
ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলায় হাতি দিয়ে সকাল-সন্ধ্যা চাঁদা তোলা হচ্ছে। হাতির মাহুত সেলামির নামে সাত দিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়ক-মহাসড়কে যানবাহন আটকিয়ে চাঁদা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা।

হাতির মাহুত রাকিবুল ইসলাম বলেন, ‘চাঁদা তো না, সাহায্য নিচ্ছি। লকডাউনের কারণে সার্কাস বন্ধ থাকায় হাতি নিয়ে বিপাকে পড়েছি। হাতিকে খাওয়ানোর জন্য সাহায্য চাইতে চাইতে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে হাতি নিয়ে তারাগঞ্জ পর্যন্ত এসেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জে ১৮টি হাটবাজার রয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন হাটবাজারে হাতির মাহুত সেলামির নামে চাঁদা তুলছেন। চাঁদা দিলে হাতি শুঁড় দিয়ে নিয়ে মাহুতকে দেয়। আর চাঁদা না পেলে উচ্চ স্বরে হুংকার ছাড়ে। ভয়ে ব্যবসায়ী ও পথচারী বাধ্য হয়ে চাঁদা দিচ্ছেন।

আজ শনিবার তারাগঞ্জ, বামনদীঘি, ডাংগীরহাট এবং গত শুক্রবার সন্ধ্যায় ইকরচালী, মাঝেরহাট, খিয়ারজুম্মা, চিকলীর বাজার এলাকায় দুটি হাতিকে চাঁদা তুলতে দেখা যায়।
ডাংগীরহাট বাজারের ব্যবসায়ী সিকেন্দার আলী বলেন, ‘হাতির জ্বালায় আমরা অতিষ্ঠ। চাঁদা না দিলে নানাভাবে আমাদের বিরক্ত করছে। তাই ভয়ে চাঁদা দিচ্ছি। গত চার দিনে দুই দিন হাতিকে চাঁদা দিয়েছি।’

ওই বাজারের মুদিদোকানি আফজাল হোসেন বলেন, ‘সকালে কেবল দোকান খুলে বসছি। ঠিক তখনই হাতি এসে দোকানের সামনে হাজির। টাকা নেই বলার পরও হাতি যাচ্ছে না। শুঁড় দিয়ে আমার গায়ে পানি দিচ্ছে। দোকানের মালামাল উল্টাপাল্টা করছে। তাই বাধ্য হয়ে প্রথমে ২০ টাকা চাঁদা দিয়েছি। না মানায় পরে ৫০ টাকা দিয়েছি।’

শুক্রবার সন্ধ্যায় ইকরচালী বাজারে কথা হয় পানের দোকানি লুৎফর রহমানের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘করোনা তো হামারও কোমর ফেলে দিছে। লকডাউন তোলার পর এই দোকান কোনা করি সংসার চলোছে। কিন্তু হাতির জ্বালায় তো অতিষ্ঠ হয়া উঠছি। দুই দিন পরপর চাঁদা দেওছি। চাঁদা নেউক তাতেও দুঃখ নাই। কিন্তু এই হাতি যদি একবার ভুল করি শুঁড় দিয়া দোকানোত ডাং মারে, তাইলে সউগ শেষ হয়া যাইবে।’

বালাবাড়ি বাজারের চাল ব্যবসায়ী আজমত হোসেন বলেন, ‘শনিবার সকালে মুই দোকান খুলি এক টাকাও বেচপার পাও নাই। কিন্তুক হাতি আসি হাজির। চাঁদার জন্য ভয় দেখাওছে। জীবনের ভয়ে বাধ্য হয়া মাইনসেরটে ধার নিয়া ৫০ টাকা দিছুন। সাত দিন থাকি এই হাতিগুলো চাঁদা তুলি বেরাওছে, তাও কায়ও দেখেওছে।’

রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে তারাগঞ্জ থেকে স্ত্রী–সন্তান নিয়ে রংপুরে যাচ্ছিলেন দোয়ালীপাড়া গ্রামের মফিজুল ইসলাম। তিনি বলেন, ‘আজ শনিবার বেলা ১১টার দিকে সড়কের বরাতি এলাকায় একটি হাতি পথ রোধ করে। ভয়ে আমার সন্তান চিৎকার শুরু করে। তড়িঘড়ি করে ২০ টাকা দিলে হাতি নেয় না। পরে ৪০ টাকা দিলে রাস্তা ছেড়ে দেয়।’

আরেক হাতির মাহুত শাকিল হোসেন বলেন, ‘আমরা তো চুরি করছি না। বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে সাত দিন আগে মহাসড়ক দিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছি। হাটবাজার, রাস্তাঘাটে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে হাতি দেখিয়ে খুশি করে হাতির খাবারের জন্য টাকা নিচ্ছি। এতে দোষের কী?’

এ ব্যাপারে জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘হাতি দিয়ে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। এ রকম ঘটনা আমাকে কেউ জানাননি। এখন জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’