হাতিয়ায় জোয়ারের পানিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে চর আমানউল্লাহ গ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে লাশটি বেড়িবাঁধের বাইরে জোয়ারের পানিতে ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

শিশুটির নাম লিমা আক্তার (৭)। সে হাতিয়া উপজেলার চর আমানউল্লাহ গ্রামের মোহাম্মদ জুবলুর রহমানের মেয়ে। সুখচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দফাদার আবুল কালাম নিখোঁজ শিশু লিমার লাশ উদ্ধারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আমানউল্লাহ গ্রামের বাড়ির পাশে জোয়ারের পানিতে শিশু লিমা আক্তার নিখোঁজ হয়। ওই দিন স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেও শিশুটিকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেননি। গতকাল বৃহস্পতিবার দিনভর স্বজনেরা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালান।  

দফাদার আবুল কালাম জানান, খোঁজাখুঁজির একপর্যায়ে আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে শিশুটি যে স্থানে নিখোঁজ হয়েছিল ওই স্থানের প্রায় ১০০ গজ দূরে বেড়িবাঁধের বাইরে জোয়ারের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখেন স্বজনরা। পরে তারা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, জোয়ারের পানিতে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানকে জানানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহত শিশুর পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।