হাতির আক্রমণে শ্বশুর-জামাতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পাহাড়ি এলাকায় একটি হাতির আক্রমণে শ্বশুর-জামাতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ইউনিয়নের সাপেরগাড়ার দুইল্যারজিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া গ্রামের বাসিন্দা মো. সৈয়দ আলম (৬০) ও তাঁর জামাতা মো. আলমগীর (৩০)। আলমগীরের বাড়ি সাপেরগাড়া এলাকায়। তাঁর বাবার নাম চান মিয়া।

নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্য, পাহাড়ি এলাকার ধান খেতে রাতে বন্য হাতির উৎপাত থাকে। এ কারণে প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতেও সৈয়দ আলম ও আলমগীর নিজেদের ধানের জমিতে পাহারা দিতে যান। সারা রাত পাহারা দেওয়ার পর ভোরের দিকে ধান মাড়াইয়ের জায়গায় দুজনই ঘুমিয়ে পড়েন। এ সময় একটি দলছুট বন্য হাতি তাঁদের আক্রমণ করে। হাতিটি তাঁদের পা দিয়ে চাপা দেয় এবং একপর্যায়ে তুলে আছাড় দেয়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে এগিয়ে গেলে হাতিটি গভীর জঙ্গলে চলে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবদিন প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।