হাতির পায়ে পিষ্ট হয়ে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
কক্সবাজারের চকরিয়ার জঙ্গল হারবাং এলাকায় বন্য হাতির আক্রমণে জানে আলম (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জঙ্গল হারবাং এলাকায় এ ঘটনা ঘটে। হাতির পায়ের পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
জানে আলম চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম শামশুল আলম।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ১৩ নভেম্বর এই এলাকায় বৈদ্যুতিক তারের ফাঁদে ফেলে হত্যা করা হয় ১৫-১৭ বছর বয়সী একটি পুরুষ হাতিকে। হাতি হত্যার ঘটনায় করা মামলার পাঁচজন আসামির মধ্যে নিহত জানে আলম ২ নম্বর আসামি। তাঁর নেতৃত্বে সেদিন বন্য হাতিকে বৈদ্যুতিক ফাঁদে ফেলে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, জঙ্গল হারবাং এলাকায় খেতের ফসল রক্ষার জন্য অভিযুক্ত ব্যক্তিরা বৈদ্যুতিক তার পুঁতে রেখেছিলেন। খাদ্যের সন্ধানে বন্য হাতির দল খেতে নামতে গেলে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ১৩ নভেম্বর একটি পুরুষ হাতির মৃত্যু হয়। ময়নাতদন্তে বৈদ্যুতিক ফাঁদে আটকিয়ে হাতি হত্যার প্রমাণ পাওয়া যায়। এরপর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়। নিহত জানে আলম ওই মামলার ২ নম্বর আসামি ছিলেন।
স্থানীয় বনকর্মীদের বরাত দিয়ে ডিএফও মো. আনোয়ার হোসেন সরকার বলেন, গত শনিবার সন্ধ্যার দিকে জানে আলমসহ কয়েকজন জঙ্গল হারবাং এলাকায় গেলে বন্য হাতির হামলার শিকার হন। একপর্যায়ে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।