বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তার সাক্ষাৎকার
হাতি হত্যায় মামলা এলাকাবাসীকে সতর্ক করবে
শেরপুরের গারো পাহাড়ে দীর্ঘদিন ধরে চলছে হাতি-মানুষের দ্বন্দ্ব। একদিকে বন্য হাতির আক্রমণে মানুষ মরছে, ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হচ্ছে। অন্যদিকে মানুষের দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে অথবা অন্য কোনোভাবে হাতি মৃত্যুর ঘটনা ঘটছে। হাতির মৃত্যুর ঘটনায় শেরপুরে প্রথমবারের মতো চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে বন বিভাগ। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে শেরপুরের বন্য প্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য কর্মকর্তা সুমন কুমার সরকারের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: গারো পাহাড়ে হাতির মৃত্যুর ঘটনায় শেরপুরে এই প্রথম হত্যা মামলা করেছে বন বিভাগ। বিষয়টি কীভাবে দেখছেন?
সুমন কুমার সরকার: দীর্ঘ দুই দশক ধরে শেরপুরে গারো পাহাড়ের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় বন্য হাতির আক্রমণ চলছে। এতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মানুষের প্রতিরোধের কারণে হাতিরও মৃত্যু ঘটেছে। ৯ নভেম্বর শ্রীবরদী সীমান্তের মালাকোচা গ্রামে কয়েক কৃষকের দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি পুরুষ হাতি মারা গেছে। এ ঘটনায় বন বিভাগের বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম চারজনকে আসামি করে ১৮ নভেম্বর শেরপুরের বন আদালতে হত্যা মামলা করেছেন। শেরপুরে হাতি মৃত্যুর ঘটনায় এটিই প্রথম হত্যা মামলা। বন্য প্রাণী রক্ষায় সংগত কারণেই মনে করি, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। হাতি হত্যার ঘটনায় মামলার বিষয়টি ইতিমধ্যে মানুষের মধ্যে প্রচার হয়েছে। আশা করি, এখন থেকে এলাকাবাসী বন্য প্রাণী রক্ষার বিষয়ে সচেতন ও সতর্ক থাকবেন।
প্রশ্ন :
প্রথম আলো: কী আইনে, কোন ধারায় এ মামলা করা হয়েছে? এর জন্য আইনে শাস্তির কী বিধান রয়েছে?
সুমন কুমার সরকার: ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৬ (১) ধারায় শেরপুরের বন আদালতে মামলা হয়েছে। এ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্স গ্রহণ না করে কোনো বাঘ বা হাতি হত্যা করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন। এ অপরাধ জামিন অযোগ্য। তিনি সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে বাঘ বা হাতির মাধ্যমে কোনো ব্যক্তি আক্রান্ত হলে এবং এর ফলে জীবনাশঙ্কার সৃষ্টি হলে জীবন রক্ষার্থে আক্রমণকারী বাঘ বা হাতিকে হত্যার ক্ষেত্রে এ ধারার বিধান প্রযোজ্য হবে না।
প্রশ্ন :
প্রথম আলো: গারো পাহাড়ে হাতির হত্যা রোধে মামলা ছাড়া আপনাদের পক্ষ থেকে আর কী কী পদক্ষেপ নেওয়া হবে?
সুমন কুমার সরকার: প্রায় প্রতিবছরই শেরপুরের সীমান্তবর্তী এলাকায় হাতির আক্রমণে জানমালের ক্ষতি বা হাতি মৃত্যুর ঘটনা ঘটছে। এটি কোনোভাবেই কাম্য নয়। মূলত হাতির আবাসস্থল পাহাড়ি এলাকায় জনবসতি গড়ে তোলায় এমনটি হচ্ছে। আমরা মনে করি, বন বিভাগের সংরক্ষিত এলাকায় যাঁরা বসতি গড়ে তুলেছেন, জানমাল রক্ষার স্বার্থে তাঁদের সেখান থেকে সরে আসা উচিত। পাশাপাশি আমরাও হাতিসহ সব বন্য প্রাণী রক্ষায় মানুষকে সচেতন করে তোলার কাজ করছি। এলিফ্যান্ট রেসপন্স টিমগুলোকে আরও সক্রিয় করার চেষ্টা চলছে। সাধারণ মানুষ ও এলাকাবাসীকে নিয়ে আমরা সভা-সমাবেশ করছি। আশা করি, সবার সহযোগিতায় একসময় হাতি-মানুষের দ্বন্দ্বের অবসান হবে।