হাতিয়ার দুই ইউপিতে চেয়ারম্যান, সদস্যসহ সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় দুই চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সব সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইউনিয়ন দুটি হলে সুখচর ও নলচিরা।
আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন ২৬ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এর আগে গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিটি পদে একজন ছাড়া বাকি সবাই প্রার্থিতা প্রত্যাহার করেন। ১৫ বছর পর আগামি ১০ ফেব্রুয়ারি ওই দুটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে ইউনিয়ন দুটিতে বিভিন্ন পদে প্রার্থী হওয়া ব্যক্তিরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করছিলেন। সর্বশেষ গতকাল সোমবার বিকেল পাঁচটা নাগাদ দুটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ ওয়ার্ডের একজন করে প্রার্থী ছাড়া বাকি সবাই তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে সব কটি পদে একজন করে প্রার্থী থাকায় চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য, সাধারণ সদস্যসহ ২৬ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ঘোষণা অনুযায়ী, সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আলাউদ্দিন (আওয়ামী লীগ), সংরক্ষিত সদস্য পদে রুপা আক্তার, রত্না বেগম ও পারুল আক্তার এবং নয়টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে দিদারুল ইসলাম, ছালা উদ্দিন, মো. মনির উদ্দিন, মো. দিদার উদ্দিন, কেফায়েত হোসেন, বাকের উদ্দিন, নিজাম উদ্দিন, মো. ইউছুপ ও মো. আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
নলচিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ মনছুর উল্যাহ ওরফে বিপ্লব (আওয়ামী লীগ) ও সংরক্ষিত নারী সদস্য পদে হাছনা আরা বেগম, মঞ্জু রানী মজুমদার, তাজ নেহার বেগম এবং নয়টি সাধারণ ওয়ার্ডে মো. শরীফ উদ্দিন, মো. মওদুদ আহাম্মদ, মেরাজ উদ্দিন, মো. জামাল উদ্দিন, মো. নুর ইসলাম, মো. মেজবাহুল মাওলা, আবু বকর ছিদ্দিক ওরফে বোরহান, মো. খালেদুল হাই ওরফে শাহীন ও মোহাম্মদ ইউনুছ আলী নির্বাচিত হয়েছেন।