হাতিয়ার নিমতলী সৈকতকে পর্যটন উপযোগী করে তোলা হবে: প্রতিমন্ত্রী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিমতলী সৈকতকে পর্যটন উপযোগী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। আজ শনিবার সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের নিমতলী সৈকত পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিমতলী সৈকতের এক দিকে বিশাল মাঠ, পাশে কেওড়াবাগান, অন্যদিকে সমুদ্রসৈকত। বিশাল এ সৈকত বেশ সুন্দর ও পর্যটকদের জন্য আকর্ষণীয়। এখানে সবকিছুরই মিশ্রণ আছে। তাই শিগগির এ সৈকতকে ভ্রমণপিপাসুদের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। ভবিষ্যতে এই সৈকত ভ্রমণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসবেন বলে আশা করেন তিনি।
এ সময় সেখানে নোয়াখালী-৬ আসনের সাংসদ আয়েশা ফেরদাউস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নিবাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিমন্ত্রীর পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে নিমতলী সৈকতে পর্যটকসহ স্থানীয় জনগণের ঢল নামে। মন্ত্রীকে স্বাগত জানাতে পুরো সৈকত এলাকা ব্যানার–ফেস্টুনে ভরে গেছে।
হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের পূর্ব পাশে নিমতলী সৈকত অবস্থিত। কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা নিমতলী সৈকত ভ্রমণে আসছেন। সম্প্রতি এখানে খাওয়ার হোটেল, সৈকতে বসার জন্য চেয়ার, ঘোড়া এবং রাত্রীযাপনের জন্য তাবুর ব্যবস্থাও চালু করা হয়েছে।