হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ার তমরুদ্দি ঘাটে নোঙর করে রাখা যাত্রীবাহী লঞ্চ
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ দুই দিন ধরে বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন। অনেকে আজ সোমবার সকালে স্পিডবোট কিংবা ট্রলারের আশায় ঘাটে গিয়ে ফিরে এসেছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকায় ঢাকা-হাতিয়া রুটে গতকাল রোববার এবং আজ সকাল থেকে নলচিরা-চেয়ারম্যানঘাট ও চেয়ারম্যানঘাট-ভাসানচর রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

নৌযান না চলার কারণে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে জেলা শহরে ফিরে আসা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক নুরুল আমিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, সংস্থার জরুরি কাজে হাতিয়ায় যাওয়ার উদ্দেশে সকালে তিনি চেয়ারম্যানঘাট যান। সেখানে গিয়ে জানতে পারেন উপকূলে ৩ নম্বর সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ট্রলার ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। এ কারণে বাধ্য হয়ে তিনি দুপুরে জেলা শহরে ফিরে আসেন। তাঁর মতো এ রকম অনেকেই হাতিয়ায় যাওয়ার জন্য চেয়ারম্যানঘাট গিয়ে ফিরে এসেছেন বলে জানালেন তিনি।

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল রাত থেকে নোয়াখালীতে কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকেই বৃষ্টিতে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। হঠাৎ বৃষ্টিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বেশি ভোগান্তির শিকার হতে হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আজ জেলা শহরে লোকজনের চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় কম।

আবহাওয়া অধিদপ্তরের জেলা পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত থেকে আজ বেলা ৩টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ আছে। এ কারণে গতকাল সকাল থেকে হাতিয়ার সঙ্গে ঢাকার এবং আজ সকাল থেকে হাতিয়ার সঙ্গে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌ যোগাযোগ স্বাভাবিক হবে।