হাতিয়ায় জোয়ারে সাত ইউনিয়ন প্লাবিত
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় থেমে থেমে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি পায়। এতে নতুন করে তমরুদ্দি, সোনাদিয়া, নলচিরা, হরণী, চানন্দি, সুখচর ও নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের পানিবন্দী লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বেলা পৌনে একটার দিকে সোনাদিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে জোয়ারের তীব্রতা খুবই বেশি ছিল। স্বাভাবিকের চেয়ে ছয় থেকে সাত ফুট বেশি উচ্চতায় জোয়ারের পানি বেড়িবাঁধের ওপর দিয়ে গেছে। এতে তাঁর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে।
চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তিনি উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দুর্যোগকবলিত লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনা শুরু করেছেন। দুপুর ১২টা নাগাদ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৬০০ নারী, শিশু ও বিভিন্ন বয়সের মানুষ আশ্রয় নিয়েছেন।
নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান মেহরাজ উদ্দিন বলেন, নিঝুম দ্বীপে কোনো বেড়িবাঁধ নেই। তাই জোয়ারের পানি অতি সহজে দ্বীপের বিভিন্ন অংশে ঢুকে পড়েছে। আজ দুপুরের দিকে শুরু হওয়া জোয়ারের পানিতে দ্বীপের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। দ্বীপের আটটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। লোকজন দিনের বেলা সেখানে যেতে চাচ্ছেন না। বেশির ভাগ মানুষ দ্বীপের বিভিন্ন বাজারে, উঁচু রাস্তায় অবস্থায় অবস্থান নিয়েছে।
মেহরাজ উদ্দিন আরও বলেন, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিন হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে আড়াই কেজি চাল, ৫০০ গ্রাম চিড়া ও মুড়ি ৫০০ গ্রাম। বাজারে ও সড়কে অবস্থানকারী মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপজেলার নিঝুম দ্বীপ, সোনাদিয়া, তমরুদ্দি, হরণী, চানন্দিসহ বিভিন্ন ইউনিয়নে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে স্থানীয় ইউপির চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংস্থা পিপিসির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনা শুরু করেছেন। তবে ঠিক কতজনকে দুপুর পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে, সে তথ্য পাওয়া যায়নি।