হাতিয়ায় ট্রলার ডুবে ১ জেলের মৃত্যু, জীবিত উদ্ধার ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরের কাছে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ১২ জেলেসহ একটি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এক জেলের মৃত্যু হয়েছে। ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
মারা যাওয়া জেলের নাম শ্যামল চন্দ্র জলদাশ (২৩)। তিনি হাতিয়ার দক্ষিণ শূল্যাকিয়া গ্রামের মতিলাল চন্দ্র দাশের ছেলে।
জানতে চাইলে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার এ এস এম লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা ট্রলারডুবির খবর পান। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের ডুবুরি দল নিয়ে ঠেঙ্গারচর এলাকায় গিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে এক জেলের লাশ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া জেলেরা হাতিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।