হাতিয়ায় ডায়রিয়ায় কিশোরীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪ জন
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক কিশোরী মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে ফেরদৌস বেগম (১৫) নামের ওই কিশোরীকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়েন ১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে ওই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ২৪ রোগী চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ সকালে ফেরদৌস বেগমকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা দেখেন, কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট আগে ওই কিশোরী মারা গেছে। ফেরদৌস বেগম উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আবদুর রহিমের মেয়ে।
আবদুর রহিম বলেন, দুই দিন আগে তাঁর মেয়ের ডায়রিয়া দেখা দেয়। প্রাথমিকভাবে তাঁরা গ্রামের পল্লিচিকিৎসকের পরামর্শে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাইয়েছেন। কিন্তু তাতে কোনো উন্নতি হয়নি। পরে পরিবারের আরও এক সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়। আজ সকালে মেয়ের অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন। আজ সকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ২৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১১ জন ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ সকালে ডায়রিয়া আক্রান্ত এক কিশোরী হাসপাতালে আনার পথে মারা গেছে। বেশির ভাগ রোগীই একেবারে শেষ পর্যায়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এতে হাসপাতালে ভর্তির পর তাঁদের সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সদের চরম বেগ পেতে হচ্ছে।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে এখনো অসচেতনতা রয়ে গেছে। তারা পুকুর, ডোবা থেকে বৃষ্টির পানির জমে থাকা পানি ব্যবহার করে। এতে সেখানে এখন ডায়রিয়া দেখা দিয়েছে। তবে সার্বিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনের সরবরাহ রয়েছে।