হাতিয়ায় পণ্যবাহী ট্রলি উল্টে খাদে, চালকসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাওয়ার টিলারচালিত পণ্যবাহী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের কাছে ওছখালী-তমরুদ্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রলির চালক তমরুদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), ট্রলির শ্রমিক স্থানীয় আবদুল কুদ্দুছের ছেলে মোহাম্মদ রুবেল (২৫) ও আবদুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)। এ দুর্ঘটনায় মো. ইলিয়াছ (১৫) নামের ট্রলির অপর এক শ্রমিক আহত হয়েছে। সে ওই ওয়ার্ডের মো. বাবলুর ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল চারটার দিকে হাতিয়ার তমরুদ্দি বাজার থেকে পণ্য নিয়ে ট্রলিটি উপজেলা সদরের ওছখালী বাজারের দিকে আসছিল। পথে তমরুদ্দি ইউনিয়নের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের কাছে উত্তর বেজুগালিয়া এমরান ডুবাইর বাড়ির সামনে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়েন চালকসহ চারজন শ্রমিক। এ সময় স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করেন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়া ইলিয়াছ নামের অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।