হাতিয়ায় বাজারে আগুন, পুড়েছে ৮টি দোকান, অগ্নিদগ্ধ ৩
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে এসে দগ্ধ হয়েছেন স্থানীয় তিন ব্যক্তি। আজ শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোরে খাসেরহাট বাজারের একটি দোকানে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের চায়ের দোকান, মুদিদোকান, মনিহারি পণ্যের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকানসহ সাতটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম জানান, আগুন দেখে স্থানীয় লোকজন এসে নেভানোর চেষ্টা করেন। তখন গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে গিয়ে চর ঈশ্বর ইউনিয়ন যুবলীগের নেতা ও দুর্যোগ মোকাবিলা কর্মসূচির (সিপিপি) কর্মী মনোজ ধরসহ (৩২) তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে মনোজ ধরের অবস্থা গুরুতর। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাবিলদার হারুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। আগুনে আটটি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, খাসেরহাট বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।