হাতিয়ায় বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসকসহ তিনজনকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা না পেয়ে মারা যাওয়া নিরাপত্তকর্মী সালাউদ্দিনের লাশ নিয়ে যাচ্ছেন স্বজনরা। ছবিটি রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে তোলা
ছবি: প্রথম আলো

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার বেশি সময় ধরে ছটফট করতে করতে চিকিৎসার অভাবে এক রোগী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ওই সময় কর্তব্যরত চিকিৎসকসহ কেউই কর্মস্থলে ছিলেন না বলে অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া ওই রোগীর নাম সালাউদ্দিন মিরন (৫৫)। তিনি স্থানীয় একটি বেসরকারি সংস্থার নিরাপত্তাপ্রহরী ছিলেন।

ঘটনা জানার পর জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত একজন চিকিৎসকসহ তিনজনকে তাৎক্ষণিক ভাসানচর ২০ শয্যার হাসপাতালে বদলি করেছেন। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন তিনি। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহত নিরাপত্তাকর্মী সালাউদ্দিন মিরনের গ্রামের বাড়ি হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের পূর্ব খিরদিয়া গ্রামে। মৃত্যুর সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে মো. সোহেল রানা। সোহেল অভিযোগ করেন, আজ সকাল পৌনে ছয়টার দিকে তাঁর বাবা সালাউদ্দিন মিরন হাতিয়া উপজেলা সদরের দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মস্থলে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন। এ সময় সংস্থার লোকজন ও তিনি তাঁর বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তখন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বা অন্য কেউ ছিলেন না।

সোহেল রানার অভিযোগ, এরপর তিনি বাবাকে জরুরি বিভাগে রেখে হাসপাতালের দ্বিতীয় তলায় আন্তবিভাগে যান নার্সদের খোঁজে। সেখানেও কোনো নার্স বা ওয়ার্ডবয়কে পাননি। এভাবে উপর-নিচে দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যান, কিন্তু কোথাও কোনো চিকিৎসক, নার্স কিংবা অন্য কারও দেখা পাননি। এ পরিস্থিতিতে তাঁর বাবা সকাল আটটার দিকে ছটফট করতে করতে তাঁর কোলেই মারা যান।

সোহেল রানা আরও বলেন, তাঁর বাবার আগে তেমন কোনো শরীরিক অসুস্থতা ছিল না। হঠাৎই অসুস্থ হয়েছেন। মারা যাওয়ার কয়েক মিনিট পর একজন চিকিৎসক জরুরি বিভাগে আসেন। তিনি অভিযোগ করে বলেন, সময়মতো হাসপাতালে আনার পরও চিকিৎসা না পাওয়ায় বাবাকে বাঁচানো যায়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, রাতের শিফটে জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন চিকিৎসক দিপ্ত কুরি, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) ইফতেখার সোহেল ও পরিচ্ছন্নতাকর্মী আশরাফ আলী। রাতের শিফটের দায়িত্বের সময়সূচি অনুযায়ী তাঁদের রাত আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত জরুরি বিভাগে দায়িত্ব পালন করার কথা। কিন্তু আজ সকাল পৌনে ছয়টা থেকে আটটা পর্যন্ত তাঁরা কেউই কর্মস্থলে ছিলেন না।