হাতিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. রাসেল (৩৫)। তিনি হাতিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের চর কৈলাশের মৃত মো. ইব্রাহিমের ছেলে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের আজাহারুল উলুম সিনিয়র মাদ্রাসার সামনের নলচিরা-জাহাজমারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুল্লাখালীর মো. শরীফ (২৫), ১ নম্বর ওয়ার্ডের বুড়ির চর এলাকার মো. নিজাম উদ্দিন (২৪), চরকিংয়ের আক্তার হোসেন (১৮)। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালীর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে আফাজিয়া বাজার থেকে দুই আরোহীসহ তিনজন একটি মোটরসাইকেলে করে ওছখালীর দিকে যাচ্ছিলেন। পথে চরঈশ্বর ইউনিয়নের আজাহারুল উলুম সিনিয়র মাদ্রাসার সামনে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রাসেলকে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন। পথচারী রাসেল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তিন মোটরসাইকেল আরোহী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।