হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে গত শনিবার তোলা
ছবি: প্রথম আলো

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকতারুজ্জামানের বিরুদ্ধে ওই ইউনিয়নের একটি রাস্তার প্রায় ২০ লাখ টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত আকতারুজ্জামান ডাউয়াবাড়ি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

এক সপ্তাহ ধরে আকতারুজ্জামান উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ১৬২টি, ৭ নম্বর ওয়ার্ডের ৯৩টি ও ৮ নম্বর ওয়ার্ডের ১৪৫টি গাছ কেটে নেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর হাতীবান্ধার ১২টি ইউপিতে নির্বাচন হয়। এই নির্বাচন নিয়ে প্রশাসন ব্যস্ত থাকার সুযোগে ডাউয়াবাড়ি ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় এক কিলোমিটার রাস্তার ছোট-বড় ৪০০ গাছ কেটে ২০ লাখ টাকা বিক্রি করেছেন ইউপি সদস্য আকতারুজ্জামান।
ইউপি সদস্য আকতারুজ্জামান বলেন, ‘২০১৩ সালে ১১ সদস্যবিশিষ্ট আলোক উজ্জ্বল শাপলা সংঘ নামে একটি সমিতির মাধ্যমে ইউপির সঙ্গে ১০ বছরের চুক্তি করে তিনটি রাস্তায় বৃক্ষরোপণ করি। ওই সমিতির আমি একজন সদস্য।’

ওই ইউনিয়নের আলোক উজ্জ্বল শাপলা সংঘ সমিতির সভাপতি আবু তালেব বলেন, ‘গাছ কাটার বিষয়ে লিখিতভাবে কাউকে কিছু জানাইনি। কোনো দরপত্রও করা হয়নি। ইউনিয়নের চেয়ারম্যান রেজ্জাকুল ইসলামকে মৌখিকভাবে জানিয়ে গাছ কেটেছি। এটা আমার ভুল হয়েছে।’

এ বিষয়ে ডাউয়াবাড়ি ইউপি সচিব আজাহারুল ইসলাম বলেন, চুক্তি অনুযায়ী ১০ বছর পর তাদের গাছ কাটার কথা ছিল। কিন্তু ১০ বছর না হতেই তারা ইউপিকে না জানিয়ে এসব গাছ কেটেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম।’