হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক এবং গতকাল বৃহস্পতিবার সকালে অন্য যুবক মারা যান।
নিহত দুজন হলেন পিয়াস বাবু (২১) ও শহর আলী (২৫)। পিয়াস হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের আরমান আলীর ছেলে ও শহর আলী একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের গড্ডিমারী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহরাব আলী ও দুলাল হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আট ব্যক্তি আহত হন। এর মধ্যে সোহরাব আলী পক্ষের পিয়াস বাবু ও দুলাল হোসেনের পক্ষের শহর আলী গুরুতর আহত হন। আহত দুজনকে স্থানীয় ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে শহর আলী ও বৃহস্পতিবার সকালে পিয়াস বাবু মারা যান।
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ওই দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল।