হাতীবান্ধায় দুই পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার খানের বাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধা থানার জেলা গোয়েন্দা (ডিএসবি) শাখার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন ও গোয়েন্দা পুলিশ সদস্য (কনস্টেবল) মুজিবুল ইসলাম। মতিন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ও মুজিবুল রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা ছিলেন।

থানা–পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে এসআই মতিন ও গোয়েন্দা পুলিশ সদস্য মুজিবুল উপজেলার ফকিরপাড়া গ্রামে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক দিয়ে থানায় ফিরছিলেন। এ সময় উপজেলার খানের বাজার মহাসড়ক দিয়ে বুড়িমারী স্থালবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তাঁরা মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় চালক পালিয়ে গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।