হাতীবান্ধায় নির্বাচনী হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে হামলা–মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হাবিবুর রহমান। আজ সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে
ছবি: প্রথম আলো

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত নেতা হাবিবুর রহমান ওরফে সাতা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম হোসেন পৃথক সংবাদ সম্মেলন করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের হাবিবুর রহমান নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থী সেলিম হোসেন একজন চিহ্নিত তালিকাভুক্ত রাজাকারের সন্তান। আমার বাবা-চাচারা মুক্তিযোদ্ধা। আর এ কারণে তিনি (সেলিম হোসেন) বারবার আমার লোকজনের ওপর হামলা–মামলা করছেন। গতকাল সোমবার রাতে গেন্দুকুড়ি এলাকায় আমরা নৌকার কর্মীদের ওপর কোনো হামলা করিনি। বরং তারাই আমাদের ওপর হামলা করেছে। আমাদের আহত কর্মীরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেলিম ও তাঁর ভাই মাসুদ তাঁদের আটক করেন। এরপর এলোপাতাড়ি মারধর করে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করেন। আমি এই হামলা–মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এদিকে আজ বেলা একটার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দইখাওয়া মোড় এলাকার নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রার্থীর কর্মীদের ওপর জামায়াত–শিবিরের হামলার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সেলিম হোসেন।

সংবাদ সম্মেলনে সেলিম হোসেন বলেন, জামায়াত নেতা হাবিবুর রহমান ও শিবিরের ক্যাডাররা নৌকার কর্মীদের ওপর হামলা করেছেন। এতে নয়জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের হাত ভেঙে গেছে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে। এরপরও নৌকার কর্মী–সমর্থকেরা কিছু করেননি। কিন্তু আজ সকালে শিবিরের ক্যাডাররা হাসপাতালে ঢুকে তাঁর আহত কর্মী–সমর্থকদের ওপর হামলা করেন। এ সময় তাঁদের রক্ষা করতে এগিয়ে এলে সেলিম হোসেনের ভাই লুলুকে শিবিরের ক্যাডাররা কুপিয়ে জখম করেছেন। এ সময় হট্টগোল শুনে স্থানীয় লোকজন শিবিরের চার ক্যাডারকে আটক করে পুলিশে দেন বলে তিনি দাবি করেন। বহিরাগত শিবিরের ক্যাডার দিয়ে জামায়ত নেতা হাবিবুর রহমান নির্বাচন করছেন। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বহিরাগত শিবিরের ক্যাডার দিয়ে হাবিবুর রহমান নির্বাচন করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন সেলিম হোসেন
ছবি: প্রথম আলো

এদিকে হাবিবুর রহমানের সংবাদ সম্মেলনের বিষয়ে সেলিম হোসেন অভিযোগ করে বলেন, জামায়াত নেতা হাবিবুর ও শিবিরের ক্যাডাররা মারধরের ঘটনা ধামাচাপা দিতে এ সংবাদ সম্মেলন করেছেন।

অভিযোগের বিষয়ে হাবিবুর রহমান বলেন, ‘আমরা তাদের কোনো মারধর করিনি। তারাই আমার লোকজনকে মারধর করেছে। আমি সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করায় তারা সত্য ধামাচাপা দিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম জানান, হামলার ঘটনার পর আজ সকালে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় জানায়নি পুলিশ।