হাতীবান্ধায় নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলার ঘটনায় সেলিম হোসেনের সমর্থক মুজিবুর রহমানের হাত ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে
ছবি: প্রথম আলো

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিম হোসেনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সেলিম হোসেনের দাবি, স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত নেতা হাবিবুর রহমানসহ তাঁর কর্মী-সমর্থকেরা এ হামলা করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় সেলিম হোসেনের ৯ সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের মধ্যে মুজিবুর রহমানের হাত ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সেলিম হোসেন ও তাঁর সমর্থকদের ভাষ্য, গতকাল রাতে গেন্দুকুড়ি গ্রামে সেলিম হোসেনের কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচার-প্রচারণা করছিলেন। এ সময় হাবিবুর রহমানসহ তাঁর লোকজন নৌকার প্রার্থীর প্রচারণায় বাধা দেন। এতে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাবিবুর রহমান ও তাঁর লোকজন সেলিম হোসেনের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। সেলিম হোসেনের ৯ কর্মী-সমর্থক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত মজিবুর রহমান বলেন, হাবিবুর রহমান ও তাঁর লোকজন তাঁদের মারধর করেছেন। মারধরের কারণে তাঁর হাত ভেঙে গেছে।

আহত আরেক ব্যক্তি দবিয়ার রহমান বলেন, ‘হাবিবুর রহমান ও তার লোকজন স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা করে। আমাকে এলোপাতাড়ি মারধর করার কারণে আমি আর কিছু বলতে পারি না। চোখ খুলে দেখি আমি হাসপাতালে।’

সেলিম হোসেন বলেন, জামায়াত নেতা হাবিবুর রহমানের লোকজন তাঁর কর্মী ও সমর্থকদের ওপর হামলা করেছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা এখন হাসপাতালে আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘আমরা তাদের (সেলিম হোসেনের কর্মী-সমর্থক) মারধর করিনি। তারাই আমাদের লোকজনদের মারধর করেছে।’
জানতে চাইলে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিশৃঙ্খলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

চতুর্থ ধাপে অগামী ২৬ ডিসেম্বর এ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।