হাতীবান্ধায় পৃথক স্থানে ট্রাকের ধাক্কায় দুই তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দুটি স্থানে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে ও সকালে পশ্চিম সাড়ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি এলাকার মুরগি খামারি সাইয়াকুল ইসলাম (২৬) ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের ব্যবসায়ী সামছুজ্জামান ওরফে শামীম (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলার দালালপাড়া গ্রামের ব্যবসায়ী সামছুজ্জামান তাঁর স্ত্রী নওশিন বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে পৌঁছালে ট্রাকচালক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এতে তাঁরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে দুজনকে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সামছুজ্জামান মারা যান।

এদিকে সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি গ্রামের মুরগি খামারি সাইয়াকুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক দিয়ে হাতীবান্ধা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। উপজেলার পশ্চিম সাড়ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন সাইয়াকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজন হাতীবান্ধায় মারা গেছেন। অন্যজন রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছেন।