হাতীবান্ধায় যাত্রীবাহী বাস ঢুকে গেল দোকানে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মুদিদোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানমালিক, বাসের দুই যাত্রীসহ গুরুতর আহত হয়েছেন চার ব্যক্তি। আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার দিঘিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী উপজেলার দিঘিরহাট এলাকার ব্যবসায়ী আবু সুফিয়ান বলেন, পাটগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি মুদিদোকানের ভেতর ঢুকে পড়ে। এতে দোকানের ভেতর থাকা মালিকসহ দুজন ও বাসের দুই যাত্রী আহত হন। মুদিদোকান ও পাশের সাইকেল পার্টসের দোকান ভেঙে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান রায় বলেন, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দোকানের ভেতর থেকে বাসটি উদ্ধার করেন। এখন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।