হাতীবান্ধায় হামলার পাল্টাপাল্টি অভিযোগ আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউপিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব ফকিরপাড়া গ্রামে
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে দলের ‘বিদ্রোহী’ প্রার্থীও পাল্টা অভিযোগ করেছেন, তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর এ ইউপিতে নির্বাচন হবে। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান নূরল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলার রহমান (ঘোড়া প্রতীক)। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

দলীয় কর্মীরা বলেন, গতকাল সন্ধ্যায় নৌকার নির্বাচনী কার্যালয়ে প্রচার-প্রচারণা নিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা চলছিল। এ সময় সেখানে আওয়ামী লীগের প্রার্থী নূরল ইসলামের ছেলে খায়রুজ্জামানও উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে ফজলার ও তাঁর সমর্থকেরা মোটরসাইকেল নিয়ে তাঁদের কার্যালয়ের সামনে আসেন। এ সময় তাঁরা অতর্কিতভাবে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। বাধা দিলে তাঁরা কার্যালয়ে থাকা লোকজনকে মারধর করেন। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর করে ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেন।

এ ঘটনার পর রাত ১১টার দিকে খায়রুজ্জামান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

ফজলার রহমান বলেন, তাঁরা কোনো ভাঙচুর করেননি। তাঁরা নির্বাচনী প্রচারণা চালাতে বের হচ্ছিলেন। এ সময় উল্টো নৌকার লোকজনই তাঁদের ওপর হামলা করেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। তিনিও এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।