হাতে লিখে ট্রেনের টিকিট বিক্রি, যাত্রীরা দুর্ভোগে

এ ধরনের অব্যবস্থাপনা দেখে অনেকে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন বা কম্পিউটারের মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ থাকায় হাতে লেখা টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ট্রেনযাত্রীরা। এক পর্যায়ে ধীরগতিতে টিকিট বিক্রির কারণে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। গতকাল সকালে জামালপুর রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

ভোর থেকে স্বপ্না বেগম নামের এক গৃহিণী ট্রেনের টিকিট কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। টানা চার ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর কাউন্টার থেকে হাতে লেখা টিকিট পান। অনলাইন বা কম্পিউটারের মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ থাকায় হাতে লিখে টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। স্বপ্না বেগমের মতো প্রত্যেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কিনতে হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ট্রেনের যাত্রীরা।

ধীরগতিতে টিকিট বিক্রির কারণে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। অনেকে এ ধরনের অব্যবস্থাপনার কারণে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। গতকাল সোমবার

সকালে জামালপুর রেলস্টেশনে সরেজমিনে এমন দৃশ্য দেখা গেল।

স্টেশন কর্তৃপক্ষ বলছে, রেলওয়ের টিকিট অনলাইন ও কম্পিউটারে বিক্রি করা প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে। ২৬ মার্চ টিকিট বিক্রির দায়িত্ব নেবে নতুন আরেকটি প্রতিষ্ঠান। ফলে গত রোববার থেকে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। যাত্রীদের মধ্যে হাতে লিখে টিকিট বিক্রি করা হচ্ছে। এতে টিকিট বিক্রি করতে দীর্ঘ সময় লাগছে।

জামালপুরের স্টেশনমাস্টার মো. আছাদ উজ জামান বলেন, ‘যাত্রীদের সঙ্গে আমরাও ভোগান্তির মধ্যে আছি। সবকিছু হাতে লিখে খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি হতো। সেটাও এখন কাউন্টার থেকে দিতে হচ্ছে। ফলে কাউন্টারে ব্যাপক চাপ বাড়ছে। যাত্রীদের এই দুর্ভোগের বিষয়ে কিছুই করার নেই।’

গতকাল সকাল নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের লম্বা লাইন। যাত্রীদের লাইন কাউন্টার ছাড়িয়ে সামনের রাস্তায় গিয়ে ঠেকেছে। বেশির ভাগ মানুষ সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। খুব ধীরগতিতে কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। কয়েকজন যাত্রীর কাছে টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কাউন্টারের ভেতরে বুকিং সহকারীরা হাতে লিখে এবং সিল দিয়ে টিকিট বিক্রি করছেন। প্রতিটি টিকিটে আসন নম্বর, তারিখ ও সিল দেওয়া হচ্ছে। আগের চেয়ে এখন সময় বেশি লাগছে।

হাতে টিকিট লিখতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে জানিয়ে জামালপুর স্টেশনের বুকিং সহকারী হাসান ইবনে আলী প্রথম আলোকে বলেন, হাতে লিখে টিকিট বিক্রি অনেকটাই বিড়ম্বনার। কারণ, বিষয়টি অনেক স্পর্শকাতর। টিকিটের গায়ের একটি সিট নম্বর ভুল হলে ট্রেনের মধ্যে যাত্রীরা ব্যাপক হয়রানির শিকার হবেন।

সাধারণ সময়ে সর্বোচ্চ দেড় ঘণ্টার মধ্যে টিকিট বিক্রি শেষ হতো। এখন চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগছে বলে জানান জামালপুর রেলস্টেশনের বুকিং সহকারী ইনচার্জ মো. গোলাম মোর্তুজা।