দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
হামরা বাঁচমো কেমনে?
এক মাসের ব্যবধানে গরু ও খাসির মাংসে ১০০-১৫০ টাকা, সোনালি ও ব্রয়লার মুরগিতে ৪০-৬০ টাকা বেড়েছে।
দিনমজুর এমদা মিয়ার পরিবারে ছয় সদস্য। স্ত্রী, তিনটি সন্তান ও তাঁর বুড়ো মা। সারা দিন কাজ করে তিনি পান ৩৫০ টাকা। সেই টাকা নিয়ে দিন শেষে হাটে গেলে চাল-তেল কিনতেই সব শেষ। শাকসবজি কেনা নিয়ে টানাটানি লাগে। এর মধ্যে সন্তানেরা বায়না ধরেছে গরুর মাংস খাবে।
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারের মাংস শেডের সামনে গতকাল বুধবার এমদা বলেন, ‘২০ দিন আগোত হাট থাকি আধ সের (৫০০ গ্রাম) গোস্ত ২৫০ টাকাত নিয়া গেছনু। আইজ আসি শোনোং ৬০০ টাকা সের (কেজি)। কন তো, রাইত পোয়াইলে এমতোন করি গোস্ত, তেল, ডাল, চালের দাম বাড়লে হামরা বাঁচমো কেমন করি?’
এমন আক্ষেপ শুধু দিনমজুর এমদা মিয়ার নয়। তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার সব সীমিত আয়ের মানুষের একই কথা। চলতি বছর নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ায় দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। গতকাল দুই উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা ও ব্রয়লার মুরগি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস আগেও প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৬০০ টাকা, সোনালি মুরগি ২২০ টাকা ও ব্রয়লার মুরগি ১২০ টাকায় বিক্রি হয়েছে।
তারাগঞ্জ বাজারের মাংস বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, পশুখাদ্যের দাম বেড়েছে। বাজারে আগের চেয়ে বাড়তি দামে গরু, ছাগল কিনতে হচ্ছে। তাই মাংসের দাম কিছুটা বেড়েছে। দাম বাড়ায় অনেকে মাংস কেনা কমিয়ে দিয়েছেন। যাঁরা কিনছেন, তাঁরা ২৫০ থেকে ৫০০ গ্রাম মাংস কিনছেন।
ইকরচালী বাজারের মুরগির পাইকারি বিক্রেতা শাহিন ইসলাম বলেন, মূলত উৎপাদন ও আমদানি কম বলে মুরগির দাম বেড়েছে। তা ছাড়া প্রতিবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দাম একটু চড়া থাকে। স্কুলে বনভোজন, বিয়েশাদি এ কয়েক মাসে বেশি হওয়ায় চাহিদা বেশি থাকে বলে দাম বেড়ে যায়।
বদরগঞ্জ বাজারে কথা হয় আমরুলবাড়ি গ্রামের কৃষক আবদুল হামিদের (৪০) সঙ্গে। তিনি বলেন, এক বছরে চারবার তেলের দাম বেড়ে এখন ১৬৮ টাকা হয়েছে। টেলিভিশনের খবরে শুনেছেন, তেলের দাম কেজিপ্রতি আবারও ১২ টাকা বাড়বে। তিনি বলেন, ‘ডাল, চিনি, তরিতরকারির দাম যেভাবে তড়তড় করি ওপরে উঠছে, তাতে মনে হয়, সাদা ভাত–লবণ খেয়ে দিন কাটাতে হবে।’
পত্রিকা বিক্রির টাকায় তারাগঞ্জের ডাঙাপাড়ার ডালিম মহন্তের চার সদস্যের সংসার চলে। সারা দিন বিক্রি শেষে তাঁর আয় হয় ২৫০-৩০০ টাকা। তিন মাস ধরে তাঁর হাঁড়িতে কোনো মাংস ওঠেনি। বাড়িতে অতিথি আসায় জমানো ৬০০ টাকা নিয়ে এসেছিলেন মাংস কিনতে। তিনি বলেন, ‘আইজ তিন মাস পর মাংস কিনার আসি মাথা ঘোরোছে। হাফ কেজি খাসির মাংস নিয়া ৫০০ টাকা দিনু, ৯০ টাকা ফেরত দেইল। এখন তেল নেও কী দিয়া, মসলা কেনোং কী দিয়া? এ্যালা দুই–তিন দিনের কামাই (রোজগার) দিয়া এক কেজি মাংস নেওয়া যায় না। ছয় মাসেও আর মাংস কিনার পাবার নেও।’