‘হামলা-ভাঙচুর করা হেফাজতে ইসলামের কাজ নয়’
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাজেদুর রহমান বলেছেন, সংখ্যালঘু কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর হামলা-ভাঙচুর করা হেফাজতে ইসলামের কাজ নয়। সংগঠনটির কোনো সদস্য এগুলো করতে পারেন না। এটি দেশের সবচেয়ে বড় একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম ক্ষমতা চায় না, ইসলামের হেফাজত চায়। যে ব্যক্তি ইসলামের হেফাজত করবেন, সে ব্যক্তিই হেফাজতে ইসলামের সদস্য হয়ে যাবেন।
গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের এক মাদ্রাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাজেদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির আইন পাস করার জন্য হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে; ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা ক্ষমতায় যেতেও চাই না।’ এ ছাড়া হেফাজতে ইসলামকে সঠিক পথে পরিচালিত করার জন্য সবার সহযোগিতা চান তিনি।
তিন দিনের এ সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার সাবেক শিক্ষক আইয়ুব আলী। সভায় হেফাজতে ইসলামের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।