হামলার জেরে সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একাংশের নির্বাচন চলাকালে সভাপতি প্রার্থী ও নির্বাচন কমিশনারদের ওপর একটি পক্ষ হামলা চালিয়েছে। এ সময় ছিনতাই করা হয়েছে ব্যালট। হামলায় ৬ নির্বাচন কমিশনারসহ ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী সমিতির প্রধান ভবনের দোতলায় এসব ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন বন্ধ ঘোষণা করে দেয়। উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতাকারী সায়েদুজ্জামান সাহেদ বলেন, আজ সকাল আটটা থেকে সমিতির মূল ভবনের দোতলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হয়। নির্বাচন চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে সালাউদ্দিন, আ ক ম রেজোয়ানউল্লাহ, এখলেছার আলী, নুরুল আমিন, শাহানাজ পারভিন, সেলিনা আক্তার, শাকিলা খাতুনসহ কয়েকজন ভোটকেন্দ্রে ঢুকে নির্বাচন কমিশনারদের ওপর চড়াও হন। তাঁরা এই ভোট অবৈধ দাবি করে বন্ধ করতে বলেন।

বন্ধ করতে আপত্তি করায় ছয়জন নির্বাচন কমিশনারকে মারধর করা হয়। কেড়ে নেওয়া হয় ব্যালট। ছিনতাইয়ের চেষ্টা করা হয় ব্যালট বাক্স। এ খবর পেয়ে তিনি, সভাপতি প্রার্থী এম শাহ আলমসহ কয়েকজন সেখানে ছুটে যান। প্রতিবাদ করায় এম শাহ আলম, প্রার্থী আমিনুর রহমানসহ ছয় আইনজীবীকে মারধর করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য শাহানাজ পারভিন বলেন, গঠনতন্ত্রবহির্ভূতভাবে শাহ আলমসহ কয়েকজন নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছিলেন। সমিতির একজন সদস্য হিসেবে তিনিসহ কয়েকজন বাধা দিয়েছেন।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত বলেন, সংঘাতের কারণে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীরের নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে ভোট গ্রহণ করা হবে।