হামলার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তদের হামলার পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ইউপি সদস্য মো. আবুল কাশেম (৬৫) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়েছে। এর আগে গত ২৬ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা আবুল কাশেমকে মারধর করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মঘাদিয়া খালে ফেলে যায়।

আবুল কাশেম উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি সাহেরখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ডে সাতবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

এ ঘটনায় গতকাল সোমবার রাতে আবুল কাশেমের স্ত্রী বাদী হয়ে মিরসরাই থানায় ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বেলায়েত হোসেনকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলার পর ওই দিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কাশেমের সঙ্গে স্থানীয় মো. সিরাজুল ইসলাম, নুরুল আলম ও তাঁর ছেলে সুফিয়ানের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর মধ্যে সিরাজুল ইসলাম ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বেলায়েত হোসেনের বোনজামাই। এ বিরোধের জেরে গত বছরও আবুল কাশেমের ওপর সুফিয়ান হামলা করেন। সবশেষ ২৬ জানুয়ারি রাতে আবুল কাশেমকে মারধর করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মঘাদিয়া খালে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন আবুল কাশেমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর চারটায় তাঁর মৃত্যু হয়েছে।

জানতে চাইলে আবুল কাশেমের মেয়ে ফারজানা ফারভীন প্রথম আলোকে বলেন, তাঁর বাবার লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে। তিনি তাঁর বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, আবুল কাশেমের ওপর হামলার ঘটনার পর থেকে পুলিশ বিষয়টির ওপর নজর রেখেছে। গতকাল রাতে আবুল কাশেমের স্ত্রীর মামলা করার পর জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো. সিরাজুল ইসলাম (৫০), নজরুল ইসলাম (২৭) ও আবদুল্লা আল ফাহাদ (১৯) নামের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।