হামলায় আহত পৌর কাউন্সিলরের হাতে অস্ত্রোপচার, মামলা
ঝালকাঠিতে দুর্বৃত্তদের হামলায় আহত পৌর কাউন্সিলর মো. হুমায়ুন কবির খানের বাঁ হাতের কবজি অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করেছেন চিকিৎসকেরা। গতকাল শুক্রবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে তাঁর হাতে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে আজ শনিবার তাঁর পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
কাউন্সিলর হুমায়ুনের মেজ ভাই সাবেক কাউন্সিলর শাহ আলম খান বলেন, ‘আমার ভাইয়ের বাঁ হাতের কবজি অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করার পর তাঁর জ্ঞান ফেরেনি। তাঁর মাথায় ২টি, ঘাড়ে ২টি, গালে ১টিসহ শরীরে ধারালো অস্ত্রের ৮-১০টি কোপের ক্ষত আছে।’
এ ঘটনায় গতকাল রাতে পৌর কাউন্সিলর মো. হুমায়ুন কবির খানের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলায় ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামাল শরীফের বড় ভাই জামাল শরীফ (৩৮), যমজ ছোট দুই ভাই ইদ্রিস শরীফ (৩০) ও ইলিয়াস শরীফকে (৩০) আসামি করা হয়েছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মো. হুমায়ুন কবির খান ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলার বাদী রুমা বেগম এজাহারে উল্লেখ করেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জামাল শরীফ ও তাঁর ছোট দুই ভাইয়ের নেতৃত্বে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।’
এদিকে গতকাল রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের পক্ষে দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় দুর্বৃত্তরা হুমায়ুন কবির খানকে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় তাঁকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর বাঁ হাতের কবজি অপসারণ করা হয়।
এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল শরীফ বলেন, এ মামলায় তাঁর ভাইদের ষড়যন্ত্র করে আসামি করা হয়েছে। ঘটনার সময় তাঁরা এলাকায় ছিলেন না।