হামলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপক ক্ষতি
স্বাস্থ্য কমপ্লেক্সটির শুধু ইটের কাঠামোটি দাঁড়িয়ে আছে। ভেতরে চিকিৎসা যন্ত্রপাতি, কম্পিউটার, ল্যাপটপ, ওষুধের স্টোর, দরজা-জানালা, চেয়ার-টেবিল, আলমিরা কোনো কিছুই অক্ষত নেই। এই ক্ষতি কাটিয়ে উঠে হাসপাতালটি আবার চালু হতে বেশ সময় লাগবে বলে মনে করছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
খাদিজাতুল কোবরা (২২) নামের এক রোগীকে ‘ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে’—এই গুজব ছড়িয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার ব্যাপক হামলা চালানো হয়।
হামলাকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা পবিত্র কুমার কুণ্ডু এবং নার্স কাকতি বলকে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করে। মাথায় ও শরীরে মারাত্মক জখম নিয়ে তাঁরা গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরে পবিত্রকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। তাঁর দুই হাত ও দুই পা ভেঙে গেছে। হামলা ঠেকাতে গিয়ে টুঙ্গিপাড়া থানার কনস্টেবল শেখর চন্দ্র বিশ্বাসও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হামলার প্রতিবাদে জেলার সব সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন চিকিৎসক ও নার্সরা। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল তাঁরা সদর হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন। গোপালগঞ্জের সিভিল সার্জন এস এম সিরাজুল ইসলাম জানান, তাঁদের এই আন্দোলন অব্যাহত থাকবে। জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব বিভাগ বন্ধ রয়েছে।
হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করেছে। মূল অভিযুক্ত আলী আকবর খানসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার-আতঙ্কে ওই এলাকার বেশির ভাগ পুরুষ পালিয়েছে।
পুলিশ খাদিজাতুল কোবরার লাশের ময়নাতদন্ত করেছে। এখনো ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। খাদিজার বাড়ির কেউ কোনো মামলা করেনি। গতকালই লাশ দাফন করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদিজাতুল কোবরা ১৯ মে গ্যাস্ট্রিক, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত দুই মাসে আরও পাঁচ বার ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে নার্স কাকতি বল ইনজেকশন দেন বলে গতকাল প্রথম আলোকে জানিয়েছেন। এর দুই ঘণ্টার মধ্যেই খাদিজা মারা যান।
খাদিজা সম্প্রতি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। এ কারণে তিনি তাঁর পরিবার ছেড়ে টুঙ্গিপাড়ায় আলী আকবর খানের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আলী আকবরকে তিনি বাবা বলে ডাকতেন। খাদিজার মৃত্যুর খবরে আলী আকবর ও তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে চিৎকার করতে থাকেন। তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালের কাছেই গহরডাঙ্গা মাদ্রাসা। মেরে ফেলার গুজব ছড়িয়ে পড়লে জুমার নামাজের পর শত শত মানুষ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা করে।
গতকাল দুপুরে ওই এলাকায় থমথমে পরিবেশ দেখা যায়। হাসপাতালের মূল ফটক ছিল তালা বন্ধ, ভেতরে কোনো রোগী নেই। ভয়ে সব রোগী পালিয়েছেন বলে হাসপাতালের এক কর্মচারী জানান।
স্থানীয় বাসিন্দা রোখসানা ও যুথি বললেন, বহু মানুষ হাসপাতাল ভাঙচুর করেছে। পুলিশ কাকে যে ধরবে কে জানে। এ জন্য পুরুষেরা এলাকা ছেড়েছেন।
ওই মাদ্রাসার তিন শিক্ষক বললেন, ‘ভাই আমরা কিছুই জানি না। অথচ এখন আমরাই বিপদে পড়ব। মাদ্রাসার সবাই হামলায় জড়িত নয়। কেউ কেউ হয়তো গেছে।’
টুঙ্গিপাড়া বাজারের লোকমান হোসেন নামে এক চা বিক্রেতা বলেন, ‘কেউ কথা ছড়াইছে। আর সবাই যাইয়া হামলা করেছে। এখন বুঝতেছে, ভুল করেছে। কিন্তু এখন তো এলাকার লোক দৌড়ের ওপর আছে।’
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা যাবে না। কিন্তু যারা এটা করেছে, তারা যে দলেরই হোক, বিচার হবে।