‘হামা কি বাতাস খাহেনে দিন কাটামো’
ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা এলাকার বাসিন্দা আবুল হাশেম (৪৭)। শহরে ব্যাটারিচালিত রিকশা চালিয়েই সংসার চলে তাঁর। আজ রোববার সকাল ১০টার দিকে যাত্রী নিয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। এরপর যাত্রী নামিয়ে দিয়ে রিকশাটি জব্দ করে নিয়ে যায় পুলিশ।
নির্বাক আবুল হাশেম ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে থাকেন। এ সময় তিনি বলছিলেন, ‘লকডাউনের কাথা শুনেহেনে (শুনে) ঘরতেই ছিনো (ছিলাম)। হাতত যে কয়ডা টাকা ছিল, ওইডাও শেষ। উয়ায় (উপায়) না দেখিয়া ইকশা (রিকশা) লে রাস্তাত নাভিছু (নেমেছি)। ইকশা চালাবা না পারিলে, হামা (আমরা) কি বাতাস খাহেনে (খেয়ে) দিন কাটামো?’
বৃহস্পতিবার সকাল থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় লকডাউনের ঘোষণা দেয় জেলা প্রশাসন। আজ রোববার লকডাউনের চতুর্থ দিন চলছে। লকডাউন কার্যকর করতে জেলা শহরের মোড়ে মোড়ে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।
চলতি মাসে জেলায় হঠাৎ করোনা সংক্রমণের হার বেড়ে যায়। এ অবস্থায় ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত জেলায় সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে করোনা প্রতিরোধ কমিটি। এরপরও সংক্রমণের হার বেড়ে চলায় গত বৃহস্পতিবার সকাল থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় লকডাউনের ঘোষণা দেয় জেলা প্রশাসন। আজ রোববার লকডাউনের চতুর্থ দিন চলছে। লকডাউন কার্যকর করতে জেলা শহরের মোড়ে মোড়ে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরপরও শহরজুড়ে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে চড়ে মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছে। এমন পরিস্থিতির মধ্যে শহরের যাত্রী নিয়ে চলাচল করা রিকশা, অটোরিকশা জব্দ করা শুরু করেছে পুলিশ।
আজ সকাল পৌনে ১০টার দিকে শহরের চৌরাস্তায় সদর উপজেলার আকচা গ্রামের রবিউল ইসলামের (৪৯) রিকশাটি জব্দ করে পুলিশ। এ সময় রবিউল বলেন, লকডাউনে তাঁদের মতো গরিবদের বড় কষ্ট হয়। এক দিন রিকশা না চালালে পেটে ভাত পড়ে না। এরই মধ্যে তিনি শুনেছেন, সামনের লকডাউনে ঘর থেকেই বের হওয়া যাবে না। তাই হাতে কিছু টাকা রাখতে রিকশা নিয়ে রাস্তায় নেমেছিলেন তিনি।
শহরের কালীবাড়ি এলাকায় কথা হয় রিকশাচালক রাধেশ রায়ের (৫১) সঙ্গে। তিনি বলেন, পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছেন। কিন্তু শহরে তেমন লোকজন নেই। তাই ভাড়া পাওয়া নিয়ে শঙ্কার মধ্যে আছেন।
তাঁদের বাড়িতে চাল-ডাল আছে কি না, সেটার খবর না নিয়ে মাইকিং করে রিকশা চালাতে নিষেধ করলেই হবে?
আর্ট গ্যালারি মোড়ে ডিজেলচালিত থ্রি–হুইলার স্ট্যান্ডে জটলা করে বসে ৮ থেকে ১০ জন চালক নানা গল্পে ব্যস্ত। তাঁদের গল্পের এক সময় লকডাউনের প্রসঙ্গ আসে। থ্রি-হুইলারচালক চঞ্চল রায় বলেন, গাড়ি বন্ধ থাকলে পেটে ভাত জোটে না। এবার নাকি আর্মি নামবে। কীভাবে সংসার চালাবেন, বুঝতে পারছেন না তিনি।
লকডাউনে রিকশা নিয়ে বের হতে নিষেধ করে মাইকিং করছে থ্রি-হুইলার ও রিকশা শ্রমিক ইউনিয়ন। মাইকিং শুনে ক্ষুব্ধ রিকশাচালক রমজান আলী (৩৯) বললেন, তাঁদের বাড়িতে চাল-ডাল আছে কি না, সেটার খবর না নিয়ে মাইকিং করে রিকশা চালাতে নিষেধ করলেই হবে?
জেলায় করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় সরকারি নির্দেশনা কার্যকর করতে না পারলে করোনা কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। এ কারণে তাঁদের একটু কঠোর হতেই হচ্ছে।
হুট করে লকডাউন দিলে কেউ তা মানবে কেন বলে প্রশ্ন তোলেন ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম। তিনি বলেন, লকডাউন ঘোষণার আগে শ্রমজীবী মানুষের খাবারের কথা ভাবতে হবে। তাঁদের খাবার নিশ্চিত করে সরকার লকডাউন বা শাটডাউন, যা দেওয়ার দিক।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, জেলায় করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় সরকারি নির্দেশনা কার্যকর করতে না পারলে করোনা কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। এ কারণে তাঁদের একটু কঠোর হতেই হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, লকডাউনে খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়ে যায়, এটা সত্যি। লকডাউন চলাকালে এসব মানুষের যেন খাবার নিয়ে দুশ্চিন্তা করতে না হয়, সে জন্য তাঁদের পরিকল্পনা রয়েছে। খাবারের কষ্টে থাকা মানুষের জন্য জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় যথেষ্ট পরিমাণ টাকা ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে।