হার মানেননি তাঁরা দুজন

সকালে কলেজে যাওয়ার আগে কোনো দিন নাশতা জুটেছে, কোনো দিন খালি পেটেই যেতে হয়েছে। খাবারের জন্য ছেলেকে টাকা দেওয়ার সামর্থ্য দিনমজুর বাবার ছিল না। কখনো কখনো এক বেলা উপোস থাকলেও দমে যাননি নোমান হোসাইন। শেষ পর্যন্ত অভাব হার মেনেছে তাঁর কাছে। এ বছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে তিনি জিপিএ-৫ পেয়েছেন।
নোমানের মতোই কেবল ইচ্ছাশক্তির জোরে অভাব দূরে ঠেলে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তাছলিমা আক্তার। তাঁরা দুজনেই চট্টগ্রামের মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী। দুজনেই ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। এসএসসিতেও দুজনে জিপিএ-৫ পেয়েছিলেন।
নোমান হোসাইন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের দিনমজুর মো. আলমগীর হোসেনের ছেলে। দুই ভাইবোনের মধ্যে নোমান ছোট। বড় বোনের বিয়ে হয়েছে।
নোমানের মা জ্যোৎস্না আরা বলেন, ঠিকমতো বইপত্র কেনার সামর্থ্যও ছিল না তাঁদের। তবু পড়ালেখার হাল ছাড়েনি নোমান। কলেজশিক্ষকেরা নোমানকে সহায়তা করেছেন। ছেলের সাফল্যে খুশি হলেও ভবিষ্যতের লেখাপড়ার খরচ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাঁর।
নোমান প্রথম আলোকে বলেন, এ সাফল্যের পেছনে রয়েছে তাঁর মায়ের উৎসাহ ও প্রেরণা। কলেজশিক্ষকদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না বলে জানান তিনি। শিক্ষক শিমুল কান্তি ভৌমিক ও আমিনুর রসুলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নোমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান।
জিপিএ-৫ পাওয়া আরেক মেধাবী ছাত্রী তাছলিমা আক্তারের বাড়ি মিরসরাইয়ের সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায়। তাঁর বাবা হারুনুর রশিদ সাত বছর আগে আবুধাবি থাকতেন। সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দেশে ফিরে আসতে হয়। বিদেশে থাকার সময় আধাপাকা বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু দেশে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অভাবে পড়তে হয় পরিবারটিকে।
তাছলিমার মা আলেয়া বেগম বলেন, সংসার বাঁচাতে অসুস্থ শরীর নিয়ে তাছলিমার বাবা চট্টগ্রাম নগরের একটি তোয়ালে কারখানায় চাকরি নেন। আয়ের সিংহভাগ খরচ হয় চিকিৎসায়। ধারদেনা করে দুই বছর আগে বড় মেয়ে নাজমা আক্তারকে বিয়ে দেন। ছেলে মো. ইউনুছ হাজী মুহাম্মদ মহসীন কলেজে অর্থনীতি বিষয়ে মাস্টার্সে পড়ছেন। অভাবের কারণে একবার তাছলিমার পড়ালেখা বন্ধ করে দেওয়ার কথা ভাবছিলেন তাঁরা। পরে সাহায্যের হাত বাড়ায় কলেজের শিক্ষকেরা।
তাছলিমা বলেন, বইপত্রসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আসছেন স্থানীয় বিদ্যালয়ের গণিতের শিক্ষক মনোজ কুমার বণিক। কলেজের শিক্ষক আমিনুর রসুল ও শিমুল কান্তি ভৌমিকও তাঁকে লেখাপড়ায় সহযোগিতা করেছেন। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার খরচ কীভাবে জোগাড় হবে, এ নিয়ে চিন্তিত তিনি।
দুই শিক্ষার্থীর বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দীন প্রথম আলোকে বলেন, নোমান ও তাছলিমা অসম্ভব মেধাবী। তাঁদের দুজনকে কলেজের শিক্ষকেরাও অত্যন্ত স্নেহ করতেন। যখনই তাঁদের সহযোগিতার প্রয়োজন হতো, শিক্ষকেরা তা করতেন। খোঁজখবর নিতেন তাঁদের। কলেজের প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন চৌধুরী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তাঁরা যদি ভালো বিশ্ববিদ্যালয়ে স্থান করে নেন, তবে তাঁদের ছয় হাজার টাকা করে শিক্ষা ভাতা দেবেন।’