হারুন ইজাহারকে কারাফটক থেকে আটক
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ছেলে হারুন ইজাহারকে কারাফটক থেকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে তাঁকে আটক করে কোতোয়ালি পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১১টি মামলায় হারুন ইজাহার উচ্চ ও নিম্ন আদালত থেকে একে একে জামিন পান। এগুলো যাচাইবাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়। এরপর তাঁকে কারাফটক থেকে আটক করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিনের ভাষ্য, হারুন ইজাহারকে কারাফটক থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, যাচাই-বাছাই করা হচ্ছে। আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হতে পারে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ অক্টোবর লালখানবাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় হারুন ইজাহারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে তিনটি মামলার বিচার চলছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।
আরও জানতে পড়ুন
মুফতি ইজাহার ও তাঁর ছেলের বিচার শুরু