হালচাষে ঘোড়াই ভরসা ভূষণ-ভানুর
বিস্তৃত এলাকাজুড়ে আলুর খেত। কোথাও কোথাও আলু তোলার ব্যস্ততা। এরই মধ্যে লাঙলের ফলার টানে মাটির নিচ থেকে আলু তুলে আনছে এক জোড়া ঘোড়া। হালের ঘোড়া জোড়াটি কৃষক ভূষণ রায়-ভানু রানী দম্পতির। টাকার বিনিময়ে অন্যের জমিতে হালচাষ করেন তাঁরা।
ভূষণ-ভানুর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দোগাঁও গ্রামে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁদের সংসার। গত শনিবার ধন্দোগাঁও গ্রামে গিয়ে দেখা গেছে, ভূষণ আলু খেতে ঘোড়ার হাল দিয়ে জমির নিচের আলু তুলতে ব্যস্ত। পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছেন ভানু। হাল শেষ হলে জোয়াল থেকে বাঁধন খুলে ভানু ঘোড়া জোড়াটি নিয়ে ছুটে গেলেন অন্য খেতে। ভূষণও লাঙল-জোয়াল ঘাড়ে নিয়ে ছুটছেন তাঁর পিছু পিছু।
যেতে যেতে ভূষণ বলেন, আগে গরু দিয়েই হাল টানাতেন তাঁরা। গত বছরের শুরুতে সংসারের প্রয়োজনে হালের একটি গরু বিক্রি করে দিতে হয়। এদিকে, হাল চাষ না করতে পারায় অসুবিধায় পড়েন তাঁরা। এ অবস্থায় হালের অন্য গরুটি বিক্রি করে ২২ হাজার টাকায় এক জোড়া ঘোড়া কেনেন ভূষণ-ভানু। ঘোড়া জোড়ায় লাঙলের জোয়াল জুড়ে দিয়ে হালের কসরত শেখাতে শুরু করেন। সে কাজ ঘোড়ার আয়ত্তে এলে শুরু করলেন হালচাষ।
তাঁরা বলেন, গরুর চেয়ে ঘোড়ার দাম কম। ঘোড়ার শক্তি বেশি হওয়ায় বেশি জমির পাশাপাশি গভীরভাবে হালচাষ করা যায়। বাজারে এখন এক জোড়া হালের গরু কিনতে গেলে খরচ পড়ে ১ লাখ টাকার ওপর। আর এক জোড়া ঘোড়া কেনা যাচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকায়। এক বিঘা জমিতে হাল দিতে ৬০০ টাকা পাচ্ছেন তিনি। ঘোড়ার হালে প্রতিদিন দুই থেকে আড়াই বিঘা জমিতে হালচাষ করা যাচ্ছে। এতে ঘোড়ার খাবার খরচ বাদে হাতে বেশ কিছু টাকাও থাকছে।
ভানু বলেন, তাঁরা ঘোড়া দুটিকে ছোলা, ভুসি, খুদি চালের ভাত খাওয়ান। এখন তাঁদের ঘোড়া হালচাষ করতে পারে। ঘোড়াগুলোকে প্রথমে কয়েক দিন হালচাষ করার প্রশিক্ষণ দিতে হয়েছে। এখন ঘোড়াদের ইশারা করলে এরা নিজেরাই হাল টানা শুরু করে। গরুর চেয়ে এখন ঘোড়াই ভালো মনে হচ্ছে।
পূর্ব বেগুনবাড়ি এলাকার কৃষক মোহাম্মদ আলী জানান, মাটির নিচ থেকে আলু তোলার সময় গরুর হাল প্রয়োজন হয়। কিন্তু এখন গরুর হাল তো দেখাই যায় না। এলাকায় গরুর বদলে ঘোড়া দিয়ে জমি চাষ করা শুরু হয়েছে। এলাকার অনেকেই ভূষণের ঘোড়া দিয়ে জমিতে হালচাষ করছেন।
ধন্দোগাঁও গ্রামের কৃষক মনোরঞ্জন রায় বলেন, ঘোড়ার হাল জমির গভীরে যায়, যা জমির উর্বরতার জন্য ভালো। ঘোড়া দিয়ে হালচাষ করালে কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আবু হোসেন জানান, শ্রমজীবী মানুষ নানা প্রয়োজনে নতুন নতুন ধারণার জন্ম দেন। ঘোড়া দিয়ে হালচাষের ধারণাটি এই এলাকায় একেবারে নতুন। এ কারণে অনেকেই কৌতূহলী হয়ে ঘোড়া টানা হাল দিয়ে জমি চাষ করছেন। এতে অনেকের বাড়তি আয়ও হচ্ছে। তবে কৃষি যান্ত্রিকীকরণের এই সময়ে পশু দিয়ে হালচাষ ছেড়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হতে হবে।