হালতি বিলে গোসলে নামার দুদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামে হালতি বিলে গোসল করতে গিয়ে দুই দিন আগে নিখোঁজ মদিনা খাতুন (৭) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিলের এক প্রান্ত থেকে মৃতদেহটি পাওয়া যায়। মদিনা খাতুন একই গ্রামের মকসেদ আলীর মেয়ে।

নলডাঙ্গা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে মকসেদ আলীর যমজ দুই মেয়ে মক্কা খাতুন ও মদিনা খাতুন বাড়ির পাশের হালতি বিলে গোসল করতে নামে। মক্কা গোসল করে বাড়িতে ফিরলেও মদিনা খাতুনের সন্ধান পাওয়া যায়নি। দুই দিন ব্যাপক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ডুবুরিদের খবর দেওয়া হয়। তাঁরাও শিশুটির সন্ধান না পেয়ে ফিরে যান। অবশেষে মঙ্গলবার দুপুরে বিলের এক প্রান্তে ওই শিশুর মৃতদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি বন্যার পানিতে গোসল করতে নেমে হারিয়ে যায়। মঙ্গলবার তার মৃতদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।