হালতি বিলে পানিতে তলিয়ে আছে ২৫০ হেক্টর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে বোরো ধান রোপণের কর্মযজ্ঞ চলছে। তবে এই বিলের পানি নামার পথ জিয়া খালে বাঁশের তৈরি বেড়া দিয়ে মাছ শিকার করায় ধীরগতিতে পানি নামছে। তাই পানিতে তলিয়ে থাকা বিলের প্রায় ২৫০ হেক্টর জমিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে।

কৃষকেরা বলছেন, দ্রুত পানি না নামলে তাঁরা প্রায় ২৫০ হেক্টর জমিতে ধান আবাদ করতে পারবেন না। অন্যদিকে শুকিয়ে যাওয়া জমিগুলোতে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে চাষিরা বোরো ধানের চারা রোপণ করা শুরু করেছেন। এবার বিলের সাড়ে আট হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ৪০ হাজার হেক্টর আয়তনের হালতি বিলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে পানি কমতে শুরু করে। এরপর শুরু হয় বোরো ধান চাষের কর্মযজ্ঞ। এবার অধিকাংশ জমি চারা রোপণের জন্য প্রস্তুত করা হলেও এখনো প্রায় ২৫০ হেক্টর জমি পানিতে তলিয়ে আছে।

গত রোববার দুপুরে হালতি বিলে গিয়ে দেখা যায়, পাটুল ঘাটের নিচ থেকে পানি সরে যাওয়ায় চাষিরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন। কেউ কেউ মহিষের হাল দিয়েও ধানের জমি তৈরি করছেন। একটু উঁচু জমিতে বীজতলা করে চারা তৈরি করা হয়েছে। যাঁদের জমি তৈরির কাজ শেষ হয়েছে, তাঁরা বীজতলা থেকে চারা তুলে এনে রোপণ করছেন।

হালতি বিলের মধ্যে একটি গ্রাম খোলাবাড়িয়া। সেখানকার চাষি সিরাজুল ইসলাম বলেন, মাছ শিকারের জন্য পাটুল-খোলাবাড়িয়া সড়কের পূর্ব পাশে কিছু লোক কয়েক কিলোমিটারজুড়ে বাঁশের বেড়া দিয়েছেন। এতে পানি নামতে দেরি হচ্ছে। তবে কৃষকেরা ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট নালা পরিষ্কার করে পানি অপসারণের চেষ্টা করছেন। ফেব্রুয়ারির মাঝামাঝি সব জমিতে ধান রোপণ শেষ হতে পারে।

হালতি বিলে হাত দিয়ে চারা রোপণের পাশাপাশি এবার যান্ত্রিক পদ্ধতিতেও চারা রোপণ করতে দেখা গেছে। স্থানীয় চাষিরা জানান, এতে স্বল্প সময়ের মধ্যে চারা রোপণ শেষ করা যাবে। চারা রোপণের কাজে নারীদের অংশগ্রহণও চোখে পড়ে।

বিলে স্থানীয় বাগচি সম্প্রদায়ের নারীরা দল বেঁধে ধানের চারা রোপণ করছিলেন। মলি বাগচি নামের একজন বলেন, বিলের ধারে বাড়ি হওয়ায় বর্ষার সময় তাঁদের তেমন কোনো কাজ থাকে না। তবে বোরো মৌসুমে চারা রোপণের জন্য তাঁদের ব্যস্ততা বেড়ে যায়। এই আয়ে সংসারের খরচে অবদান রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস বলেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চারা রোপণ করা যায়। দেরি হলেও ধানের ফলন ব্যাহত হয় না। পানি নামতে কিছুটা বিলম্ব হলেও বোরো ধান চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন।