হালদা নদী রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ
‘দূষণ হটাও, পরিবেশ বাঁচাও, হালদা বাঁচাও’ স্লোগানে চট্টগ্রাম নগরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। সচেতন নাগরিক সমাজ—এই ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দূষণ ও দখলের হাত থেকে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী মরতে বসেছে। এই নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান বলেন, যেসব প্রাকৃতিক প্রাচুর্যের কারণে বাংলাদেশ বিশ্বে পরিচিত, তার মধ্যে অন্যতম হালদা নদী। হালদা নদী কার্পজাতীয় মাছের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজননক্ষেত্র। দূষণের কারণে এখন নদীটি মৃতপ্রায়। এর আশপাশের লোকালয়ও দূষণে বিপর্যস্ত। হালদাকে বাঁচানো না গেলে বিপন্ন হবে চট্টগ্রামের বৃহৎ জনগোষ্ঠীর জীবন।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদী চট্টগ্রামবাসীর সুপেয় পানির প্রধান উৎস। নদী যেভাবে দূষিত হচ্ছে, তাতে পানি শোধন করেও আর নগরীতে সরবরাহ করা সম্ভব হবে না। তখন নগরবাসী চরম পানিসংকটে পড়বে। তিনি বলেন, যেসব কারখানা হালদা দূষণের জন্য দায়ী, সেগুলোর বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ কখনোই নেওয়া হয়নি।
পরিবেশবিদ ইদ্রিস আলী বলেন, ‘হালদার মতো সম্পদশালী নদী বিশ্বে বিরল। কিন্তু অবহেলা, অযত্ন আর সর্বগ্রাসী মনোভাবের কারণে আমরা হালদাকে হারাতে বসেছি।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক আমিনুল ইসলাম, পলাশ বড়ুয়া, জসিম উদ্দিন শাহ, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সরওয়ার আমিন, রাশেদ খান প্রমুখ।