হালদার ভাঙন-ঝুঁকিতে ২০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহজুড়ে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পুরোনো বেড়িবাঁধের ১৫টি স্থানে ফাটল ধরেছে। 
এর মধ্যে চার স্থানে ভাঙনের ফলে উপজেলার দৌলতপুর, সুন্দরপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের ছয়টি গ্রামের বসতঘর, মাছের খামার ও ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝুঁকিতে আছে এসব ইউনিয়নের আরও ১০টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বন্যানিয়ন্ত্রণ, সেচ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এক কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৯৮ কিলোমিটার বেড়িবাঁধ, ৫ কিলোমিটার ধুরুংখাল খনন ও স্লুইসগেট নির্মাণের কাজ চলছে। অপর দিকে, সাম্প্রতিক ভাঙন ঠেকাতে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাড়ে ২২ কোটি টাকা চেয়ে প্রকল্প প্রাক্কলন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রমতে, উপজেলার দৌলতপুর, সুয়াবিল, মন্দাকিনী, পূর্ব-সুয়াবিল, হারুয়ালছড়ি, সুন্দরপুর, আজিমপুরসহ ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে।
সরেজমিনে দেখা যায়, পুরোনো বেড়িবাঁধের ভাঙনে দৌলতপুর, সুয়াবিল, হারুয়ালছড়ি ও সুন্দরপুরের বাসিন্দাদের অনেকের বাড়িঘরে পানি ঢুকেছে। কারও বাড়ির কাঁচা দেয়াল ধসে গেছে। এ ছাড়া বেড়িবাঁধের ওপরে অবস্থিত গ্রামের মেঠোপথগুলো অনেক স্থানে ভেঙে গেছে। সড়কের পাশে লাগানো বনজ ও ফলদ গাছের গোড়াসহ ভেঙে পড়েছে।
পূর্ব-সুয়াবিল গ্রামের বাসিন্দা নজির আহাম্মদের স্ত্রী বানু আকতার বলেন, ‘বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে ধারদেনা নিয়ে একটি ঘর করেছি। চোখের সামনেই বেড়িবাঁধ ভেঙে প্রবল পানির স্রোতে ভেসে গেছে সেই ঘর। তিন ছেলেমেয়েকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব, তা বুঝে উঠতে পারছি না।’
সুয়াবিল গ্রামের আবুল মুনসুর বলেন, তাঁর পৈতৃক তিনটি মৎস্য পুকুর পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ছাড়া তাঁর তিন কানি আমন ফসল তলিয়ে গেছে।
পাউবো ফটিকছড়ি শাখা কর্মকর্তা মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘বর্ষার বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি হালদার দুই তীরে ভাঙন দেখা দেয়।
ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দরকার। ফাটল এলাকা পরিদর্শন করে সাড়ে ২২ কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রাক্কলন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।’
ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, ‘হালদার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা, জেলা এবং পাউবোর সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’