হালদায় আবারও মৃত ডলফিন, চার বছরে উদ্ধার হলো ৩৫টি
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী উপজেলার গড়দোয়ারা ইউনিয়নের সিপাহীর ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মৃত ডলফিনটি উদ্ধার করেন হালদায় ডিম সংগ্রহকারী ও স্বেচ্ছাসেবকেরা। রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরিতে ডলফিনটি হস্তান্তর করা হয়।
এ নিয়ে গত চার বছরে হালদা থেকে ৩৫টি মৃত ডলফিন উদ্ধার হলো। এর আগে গত বছরের গত ৪ অক্টোবর নদীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরিয়া থেকে একটি, ৩০ সেপ্টেম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাট থেকে একটি এবং চলতি বছরের মার্চে রাউজানের উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়া এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনগুলোর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন গবেষকেরা।
উদ্ধারকারী স্বেচ্ছাসেবকেরা জানান, আজ বিকেলে উদ্ধার হওয়া ডলফিনটির পিঠে আঘাতের চিহ্ন ছিল। ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ৩০ কেজি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত হালদা ও এর শাখা খালে মোট ৩৫টি ডলফিন মরে ভেসে ওঠে। দু–একটি বাদে প্রায় সব ডলফিনেরই শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করেছিল উদ্ধারকারী কর্তৃপক্ষ। একাধিক ডলফিনকে হত্যাও করা হয়।
হালদা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) জলজ প্রাণী হলো ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে বিপন্ন প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। গত চার বছরে হালদায় ৩৫টি ডলফিন মারা যাওয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন নদী ও জলজ প্রাণী বিশেষজ্ঞরা।
নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, মৃত একটি ডলফিন উদ্ধার করে নদীর স্বেচ্ছাসেবকেরা তাঁকে জানিয়েছেন। সেটি চবির হালদা ল্যাবরেটরিতে আনা হয়েছে। ময়নাতদন্তের পরে ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম প্রথম আলোকে বলেন, ডলফিন ও হালদার জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করছে। ডলফিনের মৃত্যু রোধে ঘটনা তদন্ত করে সেগুলো রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।