ঢাকা সিটির ভোটার তালিকা হালনাগাদের কাজে তথ্য সংগ্রহকারীদের কাছে নতুন ভোটারের চেয়ে পুরোনো ভোটাররা বেশি ভিড় জমাচ্ছেন। কারণ, পুরোনো ভোটারদের অনেকের জাতীয় পরিচয়পত্রের তথ্য ভুলে ভরা। এখন তাঁরা জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য তথ্য সংগ্রহকারীদের কাছে ধরনা দিচ্ছেন।
কমপক্ষে সাতজন তথ্য সংগ্রহকারী জানিয়েছেন, ত্রুটি সংশোধনের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ভোটারদের পেছনে তাঁদের বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। বলতে হচ্ছে, জাতীয় পরিচয়পত্রের ত্রুটি সংশোধনের এখতিয়ার তাঁদের নেই। বিষয়টি স্বাভাবিক তথ্য সংগ্রহের কাজকে ব্যাহত করছে।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিল, বিজয়নগর, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ২০-২৫টি বাসা এবং চারটি নিবন্ধনকেন্দ্র সরেজমিনে ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
১ সেপ্টেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশনের ৯৩টি ওয়ার্ডে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট নিবন্ধনকেন্দ্রে ভোটারদের ছবি তোলা ও স্বাক্ষর গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের হিসাব অনুযায়ী, এক বছরের মাথায় হালনাগাদ হওয়ায় এবার নতুন ভোটারের সংখ্যা কম হবে। ভোটার বৃদ্ধি পেতে পারে ৫ শতাংশ হারে।
তথ্য সংগ্রহকারী শেরেবাংলা নগরের রাজধানী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও সরকারি বিজ্ঞান কলেজের স্কুল শাখার সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, পুরোনো ভোটারদের অনেকেই জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আসছেন। কারণ, এসব ভোটারের ব্যক্তিগত তথ্য ভুলভাবে তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। তাঁরা এসব ভোটারকে ইসির নিবন্ধন বিভাগে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
৯৬ পূর্ব তেজতুরিবাজারের বাসিন্দা মুজিবুল হক বলেন, তাঁর জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ভুল। তাঁর স্ত্রীর জন্মতারিখ ভুল। তাঁর মেয়ের নামের বানান ভুল।
মতিঝিলের এজিবি কলোনিতে গিয়ে জানা গেছে, সেখানে প্রতিদিন সন্ধ্যার পর তথ্য সংগ্রহকারী বাসায় গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করছেন। তথ্য সংগ্রহকারী টিঅ্যান্ডটি হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, বাসায় গিয়ে ভোটারদের না পেলে সেখানে তিনি তাঁর নিজস্ব মুঠোফোন নম্বর দিয়ে আসছেন। কিন্তু ভোটারদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না।
তথ্য সংগ্রহকারীরা তাঁদের সম্মানী ভাতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, আগেরবার ভোটারপ্রতি ২০ টাকা করে দেওয়া হয়েছিল। এবার কত টাকা করে দেওয়া হবে, সে বিষয়ে ইসি এখনো কিছু জানায়নি।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, প্রথমবারের মতো হওয়ায় জাতীয় পরিচয়পত্রে বেশি ভুল হয়েছিল ২০০৮ সালে। এরপর ক্রমান্বয়ে ভুল কমে এসেছে। তবু এবার কম্পিউটার অপারেটররা যাতে সতর্কভাবে ভোটার তথ্য অন্তর্ভুক্ত করেন, সে জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হবে। তথ্য সংগ্রহকারীদের সম্মানী ভাতাও এবার কমিশন নতুন করে বিবেচনা করবে।