হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ২৫ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি যাওয়া নবজাতক উদ্ধারের পর মায়ের কোলে
ছবি: প্রথম আলো

যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া আট দিনের নবজাতককে মাগুরার শালিখা উপজেলার সতখালী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ২৫ ঘণ্টা পর আজ সোমবার বেলা একটার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

এর আগে গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় মা ও নানির কাছ থেকে কৌশলে নবজাতককে চুরি করে নিয়ে যান বোরকা পরা অজ্ঞাতনামা এক নারী। এ ঘটনায় নবজাতকের বাবা বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ দমন আইনে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।

উদ্ধার হওয়া নবজাতককে আবারও যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তান ফিরে পাওয়ায় আনন্দিত তার বাবা-মা। এ ঘটনায় আকলিমা আক্তার (২১) নামের এক নারীকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকলিমা শালিখা উপজেলার শতখালী এলাকার আলম শেখের স্ত্রী।

ওই নবজাতকের মা আসমা খাতুন ও বাবা মেহেদী হাসান ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের বাসিন্দা। মেহেদী হাসান বলেন, গত ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে প্রথমবারের সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী আসমা। জন্মের পরপরই অসুস্থ নবজাতককে চিকিৎসার জন্য শহরতলির খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে গতকাল দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়।

আকলিমা আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে আকলিমা মাগুরা জেলার শালিখা বাসস্ট্যান্ড থেকে যশোরে যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন। এ সময় এক নারী তাঁর কোলে থাকা নবজাতককে আকলিমার কাছে রেখে গরম পানি আনার কথা বলে নেমে যান। ওই নারী আর ফিরে না আসায় আকলিমা বাস থেকে নেমে তাঁকে খুঁজতে থাকেন। না পেয়ে পরিবারের সদস্যদের কল করে ঘটনাটি জানান তিনি। এ সময় পরিবারের লোকজন তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন। এরপর আকলিমা বাস কাউন্টারে তাঁর মুঠোফোন নম্বর রেখে নবজাতককে নিয়ে বাড়িতে যান। এরপর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে জানানো হলে তাঁরা পুলিশে খবর দেন। বেলা পৌনে একটার দিকে পুলিশ আকলিমার বাড়িতে গিয়ে নবজাতককে উদ্ধার করে। এ সময় ওই নবজাতকের বাবা-মা পুলিশের সঙ্গে ছিলেন। বেলা আড়াইটার দিকে নবজাতকটিকে তাঁর বাবা-মার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

যশোর শিশু হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ নূর ই হামীম বলেন, ওই নবজাতককে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে না খেয়ে থাকায় সে অসুস্থ হয়ে পড়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সন্তানকে ফিরে পাওয়ায় স্বস্তি পেয়েছেন জানিয়ে নবজাতকটির মা আসমা খাতুন বলেন, ‘আমি আমার সোনাকে ফিরে পাইছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া।’
নবজাতকের বাবা মেহেদি হাসান বলেন, ‘প্রথম সন্তান হওয়ার পরই চুরি হয়ে যাওয়ায় আমরা ভেঙে পড়েছিলাম। হাসপাতাল ও পুলিশের সহযোগিতায় ছেলেকে ফেরত পেয়েছি। আমরা খুব খুশি।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, আজ দুপুরে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চোরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।