হাসপাতাল থেকে যাওয়ার পর জানা গেল তিনি করোনায় আক্রান্ত

চট্টগ্রামের রাউজানে জ্বর নিয়ে ৯ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন এক ব্যক্তি। এর এক দিন পর জানা গেল তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। রোববার তাঁর নমুনা পরীক্ষার ফলাফল আসার পর এ বিষয়ে নিশ্চিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ওই ব্যক্তির বাড়ি উপজেলার ডাবুয়া ইউনিয়নে। তিনি পেশায় অটোরিকশাচালক। এটি এ উপজেলায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি জ্বর নিয়ে গত ১ মে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা উপসর্গ থাকায় ৩ মে তাঁর নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) পরীক্ষাগারে প্রেরণ করা হয়। এর মধ্যে তিনি শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। পরদিন রোববার তাঁর নমুনা ফলাফল করোনা পজিটিভ নিশ্চিত করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। এরপর ওই যুবকের বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে সংস্পর্শে আসা নার্স–চিকিৎসকসহ ১০ জন এবং ওই যুবকের বাড়ির ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দীন রোববার রাতে প্রথম আলোকে বলেন, যেহেতু তিনি এখন সুস্থ, সেহেতু তাঁর শরীরে এখনো করোনাভাইরাস আছে কি না সেটা পরীক্ষা করার জন্য সোমবার আবার নমুনা সংগ্রহ করা হবে। এত দিন তাঁর সংস্পর্শে ছিলেন এমন ২০ জনের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হবে।
ইউএনও জোনায়েদ কবির জানান, আক্রান্ত রোগীর বাড়ি পুরোপুরি লকডাউন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাঁর বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যেন ওই বাড়ির কেউ বের না হন।