হাসপাতাল পালানো অন্তঃসত্ত্বা নারীর করোনা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

জ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে গত ২২ এপ্রিল যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য পরদিন তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে। এর মধ্যে ভয় পেয়ে ২৪ এপ্রিল তিনি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান। ২৫ এপ্রিল তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

দুই দফা পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় আজ শনিবার তাঁকে করোনামুক্ত ঘোষণা করা হয়। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন আজ দুপুরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপরই তাঁকে যশোরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান প্রসব করানো হবে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘২৫ এপ্রিল রিপোর্ট আসার পর আমি তাঁর বাড়িতে যাই। সেখানে তাঁকে বুঝিয়ে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। তিনি ভালোভাবেই আইসোলেশনের নিয়মকানুন মেনে চলেছেন। ফলে এখন তিনি সুস্থ্।’

যশোরের সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, আজ ওই নারী ছাড়াও আক্রান্ত এক চিকিৎসক দম্পতিকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় বলেন, ‘হাসপাতালে পৃথক ব্যবস্থাপনায় অন্তঃসত্ত্বা ওই নারীকে ভর্তি করা হয়েছে। আমাদের কোভিড ডেডিকেটেড টিম রয়েছে। এই টিমে একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন অবেদনবিদ রয়েছেন। তাঁরা কাল রোববার তাঁর পরীক্ষা–নিরীক্ষা করবেন। এরপর তাঁদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারীর সন্তান প্রসব করানো হবে।’