
জিইসি মোড় থেকে অসুস্থ মা জাহেদাকে নিয়ে হেঁটে বদনা শাহ মাজারের সামনের একটি হাসপাতালে যাচ্ছিলেন মো. ফারুক।
তিনি বললেন, ‘বারৈয়ারহাট থেকে জিইসি মোড়ে এসে শুনলাম এদিকে যাওয়া যাবে না। রাস্তা বন্ধ। বিলবোর্ড উচ্ছেদ হচ্ছে। দরকারি কাজ, সন্দেহ নেই। তাই বলে হাসপাতালমুখী একটি গুরুত্বপূর্ণ সড়ক এভাবে বন্ধ করে দেবে? বিকল্প ব্যবস্থা থাকার দরকার ছিল না?’
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ চলাকালে জাহেদার মতো আরও অনেক রোগী দুর্ভোগের মধ্যে পড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালমুখী সড়কটি গোলপাহাড় মোড় থেকে বন্ধ করে দেওয়ায় এ দুর্ভোগে পড়তে হয়। এ সড়ক এবং চমেক হাসপাতালের আশপাশে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্যাথলজি এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার রয়েছে।
গতকাল উচ্ছেদের তৃতীয় দিনে প্রবর্তক এবং মির্জারপোল এলাকা থেকে পাঁচটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশন এবং নগর পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান চলছে।
সরেজমিনে দেখা গেছে, প্রবর্তক মোড় থেকে তিনজন ধরাধরি করে সানাউল্লাহ নামে এক রোগীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে।
রোগীর ভাই মো. আমানুল্লাহ বলেন, ‘বাঁশখালী থেকে অটোরিকশা করে এসেছি। কিন্তু প্রবর্তক মোড় থেকে আর গোলপাহাড়ের দিকে গাড়ি যাচ্ছে না। তাই কোলে করে নিয়ে যাচ্ছি।’
একইভাবে চমেক হাসপাতালে হেঁটে যেতে দেখা যায় হাত ভাঙা এক রোগীকে। গোলপাহাড় থেকে মেহেদিবাগ এবং জিইসি মোড় পর্যন্ত অন্তত তিনটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যানজটে আটকা পড়ে।
অভিযোগ রয়েছে, কোনোরকম আগাম বিজ্ঞপ্তি ছাড়াই গতকাল সকাল সাড়ে ১০টা থেকে এই গোলপাহাড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত সড়কটির উভয় দিকে যান চলাচল বন্ধ রাখা হয়। বেলা দুইটার দিকে সড়কটি খুলে দেওয়া হয়। এর পরও যান চলাচল স্বাভাবিক হতে আরও এক ঘণ্টা সময় লাগে।
উচ্ছেদের সময় চারটি ক্রেন ছাড়াও পুলিশ ও সিটি করপোরেশনের অন্তত পাঁচটি বড় পিকআপ, পুলিশের গাড়ি সড়কের পাশে রাখা হয়। প্রবর্তক মোড় থেকে চারটি বড় বিলবোর্ড ক্রেন দিয়ে কেটে নামিয়ে ফেলা হয়। এ ছাড়া মির্জারপোল থেকে একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ বিলবোর্ড স্থাপনের জন্য বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রবর্তক মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। দুপুর পর্যন্ত চারটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
উচ্ছেদের সময় অনেক বিজ্ঞাপনী সংস্থার মালিকপক্ষের লোকজন এসে ম্যাজিস্ট্রেটের সঙ্গে বৈধ কাগজপত্র আছে বলে দাবি করেন। সিটি করপোরেশনের কিছু লোকজন টাকা নিয়ে অবৈধ বিলবোর্ডকে বৈধ এবং বৈধ বিলবোর্ডকে অবৈধ করেছে বলে তাঁরা দাবি করেছেন।
অ্যাড ভ্যালি বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী মহিউদ্দিনের ভাই মেজবাহ উদ্দিন বলেন, ‘বৈধ কাগজ দেখানোর পরও তারা বিলবোর্ড উচ্ছেদ করছে। এ ছাড়া সৌন্দর্যহানির দোহাই দিয়ে বাছাই করে করে বিলবোর্ড উচ্ছেদ করা হচ্ছে। যদি সৌন্দর্যহানি ঘটে, তাহলে সবগুলো বিলবোর্ড উচ্ছেদ করা হোক।’
জানা গেছে, সিটি করপোরেশন এত দিন বলে আসছে নগরের কোনো বিলবোর্ডই তাদের নিবন্ধন নবায়ন করেনি। সে জন্য সবগুলো বিলবোর্ড অবৈধ। এখন বিলবোর্ড উচ্ছেদ শুরু হওয়ার পর করপোরেশনের বিভিন্ন কর্মকর্তার সই করা কাগজ এনে বিলবোর্ড বৈধতার প্রমাণ দাখিল করছে বিজ্ঞাপনী সংস্থা।
বিষয়টি স্বীকার করে ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘আমরা পুরোনো তালিকা ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছি। এর মধ্যে কেউ কেউ আবার কিছু কিছুর বৈধ কাগজপত্র পাওয়া যাচ্ছে। আমরা সেগুলো উচ্ছেদ করছি না।’
রোগী দুর্ভোগ সম্পর্কে ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘নোটিশ না করলেও আমরা তো মিডিয়াকে বলে দিয়েছিলাম আজ এখানে উচ্ছেদ করব। জনস্বার্থে একটু দুর্ভোগ তো হবেই।’