হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ তরিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন মা। মাকে দেখতে প্রতিদিন সাতক্ষীরা থেকে খুলনা যাতায়াত করতেন সৈয়দ তরিকুল ইসলাম (৩০)। কিন্তু মাকে দেখে এবার আর তরিকুলের বাড়ি ফেরা হলো না।  

গতকাল সোমবার সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া অংশের নতুন রাস্তা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তরিকুল ইসলাম।

নিহত তরিকুল সাতক্ষীরার তালা উপশহরের বাসিন্দা সৈয়দ সিরাজুল ইসলামের ছেলে। সিরাজুল ইসলামের তিন ছেলের মধ্যে তরিকুল ছোট। মাকে নিয়ে তালা উপশহরে থাকতেন তরিকুল। আর তাঁর দুই ভাই সোহেল হোসেন ও বুলবুল খুলনায় থাকেন।

সোহেল হোসেন জানান, গত ৩০ সেপ্টেম্বর তাঁদের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকে তিনি খুলনায় চিকিৎসাধীন ছিলেন। মাকে দেখতে তরিকুল প্রতিদিন খুলনায় যাতায়াত করতেন। গতকাল মাকে দেখে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তরিকুল।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তরিকুলের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।